সেনাবাহিনীতে মহিলা ক্রীড়াবিদ
মহিলা ক্রীড়াবিদ নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়ে গেছে।
১৬টি খেলায় ৪৭৫ জন মহিলা ক্রীড়াবিদ নিয়োগ দেবে সেনাবাহিনী। এর মধ্যে কয়েক জন বিশেষ কোটায় এবং বাকিদের প্রতিভা অন্বেষণ কোটায় নিয়োগ দেয়া হবে।
এরই মধ্যে বিশেষ কোটায় ১৭৪ জন ক্রীড়াবিদকে মনোনীত করেছে সেনাবাহিনী। বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় পদকজয়ীদের এই কোটায় মনোনীত করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষ হলে তাদের নিয়োগ দেয়া হবে।
সেনাবাহিনীর ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের কর্মকর্তা মেজর মিজান জানিয়েছেন, “মহিলা ক্রীড়াবিদদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।”
সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সাঁতার ফেডারেশনের যুগ্ম-সম্পাদক আমিরুল ইসলাম বলেন, “সেনাবাহিনীর এই উদ্যোগের ফলে মহিলা ক্রীড়াবিদদের জন্য নতুন ক্ষেত্র তৈরী হচ্ছে। যা দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে।”
