২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউর নাটকীয় জয়

দুবার পিছিয়ে পড়েও ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নাটকীয়ভাবে স্টোক সিটিকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 11:01 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

জিতেছে লিভারপুলও। স্ট্রাইকার লুইস সুয়ারেজের হ্যাটট্রিকের সুবাদে ওয়েস্ট ব্রমউইচকে ৪-১ গোলে হারিয়েছে তারা।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ মিনিটে প্রতিপক্ষের স্ট্রাইকার পিটার ক্রাউচের গোলে পিছিয়ে পড়ে ম্যান ইউ। ৪৩ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি।

সমতায় ফেরার স্বস্তি অবশ্য বেশিক্ষণ উপভোগ করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির ঠিক আগে অস্ট্রিয়ান ফরোয়ার্ড মার্কো আর্নোতোভিচের গোলে আবার এগিয়ে যায় স্টোক সিটি।

তবে সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসনের উপস্থিতিতে ৭৮ ও ৮০ মিনিটে দুই স্ট্রাইকার ইংল্যান্ডের ওয়েইন রুনি ও মেক্সিকোর হাভিয়ের হার্নান্দেসের গোল দারুণ এক জয় এনে দেয় ‘রেড ডেভিলস’ নামে পরিচিত ম্যান ইউকে।

ঘরের মাঠ অ্যানফিল্ডে ১২, ১৭ ও ৫৫ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। লিগে চার ম্যাচ খেলা সুয়ারেজের গোলসংখ্যা ৬টি। নিষেধাজ্ঞার জন্য প্রথম পাঁচ ম্যাচে খেলতে পারেননি তিনি।

লিভারপুলের অন্য গোলটি স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজের। অতিথিদের সান্ত্বনাসূচক গোলদাতা স্কটল্যান্ডের ফরোয়ার্ড জেমস মরিসন।

৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করা ম্যান ইউর অবস্থান অষ্টম। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

ইপিএলের অন্য দুই ম্যাচে এভারটন ২-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে এবং নরউইচ সিটি-কার্ডিফ সিটি গোলশূন্য ড্র করেছে।