২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের শীর্ষস্থান অক্ষুন্ন

জার্মান বুন্দেসলিগায় শীর্ষস্থান হাতছাড়া হয়নি বায়ার্ন মিউনিখের। বর্তমান চ্যাম্পিয়নরা ৩-২ গোলে হার্থা বার্লিনকে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 10:06 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

জিতেছে বরুসিয়া ডর্টমুন্ডও। গতবারের রানার্স-আপরা ৩-১ গোলে শালকে জিরো ফোরকে হারিয়েছে।

১০ ম্যাচ থেকে বায়ার্নের সংগ্রহ ২৬ পয়েন্ট। সমান ম্যাচে বরুসিয়া ও বেয়ার লেভারকুজেনের পয়েন্ট ২৫। তবে গোল গড়ে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে বরুসিয়া।

শনিবার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় চতুর্থ মিনিটেই কলম্বিয়ান স্ট্রাইকার আদ্রিয়ান রামোসের গোলে পিছিয়ে পড়ে বায়ার্ন।

২৯ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মারিও মানজুকিচ। ফরাসী ফরোয়ার্ড ফ্র্যাঙ্ক রিবেরির ফ্রি-কিকে হেড করে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে মানজুকিচের দ্বিতীয় গোলে এগিয়ে যায় জার্মানির সফলতম দলটি। মিডফিল্ডার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের ফ্রি-কিকে আবার হেড করে লক্ষ্যভেদ করেন তিনি।

তিন মিনিট পর ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সিও রাফায়েলের পাস থেকে ব্যবধান ৩-১ করেন মিডফিল্ডার মারিও গোৎসে।

৫৮ মিনিটে ব্যবধান কমিয়ে উত্তেজনার জন্ম দিয়েছিলেন তিউনিশিয়ার মিডফিল্ডার আনিস বেন হাতিরা। কিন্তু বায়ার্নের জয়ের পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

শালকের মাঠে ১৪ মিনিটে গ্যাবনের ফরোয়ার্ড পিয়ের-এমরিক ওবামইয়োঙ্গের গোলে এগিয়ে যায় বরুসিয়া। ৫১ মিনিটে তুরস্কের মিডফিল্ডার নুরি সাহিন ব্যবধান দ্বিগুণ করেন।

৬২ মিনিটে স্বাগতিক মিডফিল্ডার মাক্স মায়ার ব্যবধান কমালেও ৭৪ মিনিটে পোল্যান্ডের ইয়াকুব বুয়াশ্টুকভস্কির গোলে বরুসিয়ার তিন পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত হয়ে যায়।

বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে হফেনহাইম ৪-১ গোলে হ্যানোভারকে, লেভারকুজেন ২-১ গোলে অগসবুর্গকে ও মেইঞ্জ ২-০ গোলে আইনট্রাখট ব্রাউনশোয়াইগকে হারিয়েছে।