আর্সেনালই ইপিএলের শীর্ষে
নবাগত ক্রিস্টাল প্যালেসের মাঠে ২-০ গোলে জয়ের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।
টানা দ্বিতীয় ও সব মিলিয়ে সপ্তম জয় পাওয়া আর্সেন ভেঙ্গারের দলের ৯ ম্যাচে ২২ পয়েন্ট।
শনিবার ১০ জনের দল নিয়েও ২-০ গোলে জিতেছে তারা।
প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে আর্সেনাল এগিয়ে থাকলেও বেশি সুযোগ পেয়েছে স্বাগতিক ক্রিস্টাল প্যালেস। তবে বিরতির আগে ম্যাচের বন্ধ্যাত্ব ঘোচেনি।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল আর্তেতার সফল পেনাল্টি এগিয়ে দেয় অতিথিদের।
৬৫ মিনিটে প্রতিপক্ষের মরক্কান স্ট্রাইকার মারুয়ানে শামাখকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্তেতা। তবে দশ জন নিয়ে খেললেও মূল্যবান তিন পয়েন্ট নিয়ে ফিরতে সমস্যা হয়নি আর্সেনালের।
৮৭ মিনিটে ওয়েলসের মিডফিল্ডার অ্যারন রামজির পাস থেকে আর্সেনালের জয় নিশ্চিত করা গোলটি করেন ফরাসী স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ।
