২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজারেঙ্কাকে হারিয়ে শেষ চারে লি না

র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন লি না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 06:54 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

চীনের লি নার সঙ্গে সাদা গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করেছেন সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচও।

প্রতিযোগিতায় টানা তৃতীয় জয়ের পথে বেলারুশের আজারেঙ্কাকে ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন ২০১১ সালের ফ্রেঞ্চ ওপেন জয়ী লি না।

র‌্যাঙ্কিংয়ে সেরা আট খেলোয়াড়কে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা থেকে বিদায় নেয়া আজারেঙ্কার জন্য হতাশার কথা, পিঠের ব্যথার জন্য প্রায় লড়াই না করেই নতিস্বীকার করতে হয়েছে তাকে।

প্রথম সেটের ষষ্ঠ গেমে সার্ভ করার সময় ব্যথা পান তিনি। এরপর আর সুস্থ হয়ে উঠতে পারেননি। প্রচণ্ড ব্যথা নিয়ে খেলা শেষ করেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আজারেঙ্কা।

দ্বিতীয় বাছাই আজারেঙ্কা হেরে যাওয়ায় শেষ চারে ওঠার আনন্দ নিয়েই সারা এরানির বিপক্ষে খেলতে নামেন সপ্তম বাছাই ইয়াঙ্কোভিচ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আজারেঙ্কাকে হারানোয় ইয়াঙ্কোভিচের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়।

তবে ইতালির এরানির কাছে ৬-৪, ৬-৪ গেমে হেরে যান ইয়াঙ্কোভিচ।

লাল গ্রুপে জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে ৬-৭, ৬-২, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। এই গ্রুপে তিন ম্যাচের সবগুলোতে জিতে আগেই শেষ চার নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস।

সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ ইয়াঙ্কোভিচ আর লি না খেলবেন কেভিতোভার বিপক্ষে।