এল ক্লাসিকোর রোমাঞ্চর অপেক্ষা
ক্লাব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর, সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ের জন্য ফুটবলভক্তদের অপেক্ষার প্রহর শেষের পথে। শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সার মাঠ ক্যাম্প নউ-এ খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
কয়েক বছর ধরেই এল ক্লাসিকো অর্থাৎ রিয়াল-বার্সা লড়াইয়ে বাড়তি উন্মাদনা এনে দিয়েছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতি। এবার মেসি পাশে পাচ্ছেন নেইমারকে। রোনালদোর সঙ্গী রেকর্ড ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেয়া গ্যারেথ বেল।
নেইমার-বেলের তো বটেই, দুই দলের কোচেরও এটা প্রথম এল ক্লাসিকো। বার্সার জেরার্দো মার্তিনো আর রিয়ালের কার্লো আনচেলত্তির তাই স্নায়ুর চাপে ভোগার কথা।
তবে যথারীতি পাদপ্রদীপের আলো দুই মহাতারকার ওপরে। মেসি আর রোনালদো খেলছেনও দুর্দান্ত। এ মৌসুমে ১২ ম্যাচে রোনালদোর গোল ১৫টি। পায়ের পেশির চোটের কারণে মাঝে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকা মেসি ১১ ম্যাচে ১২টি গোল করেছেন।
এল ক্লাসিকোর ফলাফল যে লা লিগার শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখে, তা অনেক দিন ধরেই প্রমাণিত। এবারো তার ব্যতিক্রম নয়। প্রত্যেক দল মাত্র ৯টি করে ম্যাচ খেললেও রিয়াল-বার্সার লড়াইয়ের ওপরে এবারো শিরোপা গতিপথ নির্ধারণের সম্ভাবনা উজ্জ্বল।
এবারের লা লিগায় এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হলেও কয়েক দিন ধরে বার্সার সেই ঔজ্জ্বল্য অনুপস্থিত। গত সপ্তাহে লিগে ওসাসুনা এবং চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের সঙ্গে ড্রয়ের হতাশা নিয়ে রিয়ালের মুখোমুখি হচ্ছে তারা। অন্যদিকে রিয়াল ক্যাম্প নউ-এ নামছে জুভেন্টাসকে হারানোর তরতাজা সুখস্মৃতি নিয়ে।
তবে বার্সার জন্য বড় অনুপ্রেরণা, খেলা হচ্ছে ঘরের মাঠে। নউ ক্যাম্পে সর্বশেষ ১৯টি লিগ ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
যদিও লা লিগায় প্রায় দুই বছর রিয়ালকে হারাতে পারেনি বার্সা। লিগে এল ক্লাসিকোতে মেসি-জাভি-ইনিয়েস্তাদের সর্বশেষ জয় এসেছিল ২০১১ সালের ডিসেম্বরে। প্রথম মিনিটে পিছিয়ে পড়েও মাদ্রিদ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছিল তারা। লা লিগায় পরের তিনটি মুখোমুখি লড়াইয়ের দুটোতেই জিতেছে রিয়াল, অন্যটি ড্র।
এল ক্লাসিকোর সর্বমোট হিসাবেও রিয়াল এগিয়ে। আগের ২২৪টি লড়াইয়ে ৯০টি জিতেছে তারা, বার্সার জয় ৮৬, বাকি ৪৮ ম্যাচ ড্র।
মেসির জন্য এবারের এল ক্লাসিকো একটু অন্যরকম। আর একটি গোল করলেই এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নেবেন চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ১৮টি গোল নিয়ে আপাতত তিনি রিয়ালের কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন।
