তুরের ২০১৮ বিশ্বকাপ বয়কটের হুমকি
ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইয়াইয়া তুরে জানিয়েছেন, বর্ণবাদের বিরুদ্ধে রাশিয়া যথাযথ ব্যবস্থা না নিলে তিনি এবং অন্যান্য কৃষ্ণাঙ্গ ফুটবলাররা ২০১৮ বিশ্বকাপ বয়কট করবেন।
২০১৮ সালে রাশিয়াতে হবে ফুটবল বিশ্বকাপ।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে রাশিয়ার সিএসকেএ মস্কোর মাঠে ম্যান সিটির খেলা চলার সময় স্বাগতিক দলের সমর্থকরা তুরেকে ‘বাঁদর’ বলে ডেকে উত্ত্যক্ত করে। এ নিয়ে স্বাভাবিকভাবেই ভীষণ ক্ষুব্ধ তুরে। দল মস্কো থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরলেও আইভরি কোস্টের এই ফুটবলারের মন ভালো নেই।
