২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ক্লাসিকো স্মরণীয় করে রাখতে চান নেইমার

ক্যারিয়ারের প্রথম ‘ক্লাসিকো’র দোড়গোড়ায় দাঁড়িয়ে রোমাঞ্চিত বার্সেলোনা তারকা নেইমার। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী ব্রাজিলের এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 03:36 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

এ মৌসুমে বার্সেলোনা ও রিয়াল প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায়। মৌসুমের প্রথম এই 'ক্লাসিকো' আয়োজন করছে বার্সেলোনার ক্যাম্প নউ।

দলকে জেতাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আশাবাদী নেইমার বলেন, “যেকোনো ফুটবলারের জন্যই ক্লাসিকো সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এটা এমন একটা খেলা যা প্রত্যেক খেলোয়াড় খেলতে চায়। আর এই ম্যাচে প্রত্যেকে তার সেরা ফুটবলটাই খেলতে চায়।”

“এটা হবে আমার প্রথম এল ক্লাসিকো। আশা করি, এতে অভিষেকটা আমার দারুণ হবে, জয় দিয়ে শুরু করতে পারলে তো তা আরো ভালো হবে”, ক্লাব ওয়েবসাইটে যোগ করেন কনফেডারেশন কাপের সেরা খেলোয়াড় নেইমার।

শুধু খেলোয়াড় হিসেবেই নয়, ফুটবলপ্রেমী হিসেবেও নেইমারের কাছে ক্লাসিকোর আমেজ অনেক। সাবকে বার্সেলোনা তারকা রোনালদিনিয়ো এক সময় ছিলেন ক্লাসিকোর অন্যতম তারকা। তখন তার স্বদেশী নেইমার ছিলেন খুদে ফুটবলার।

তখনকার একটি ক্লাসিকোর উদাহরণ টেনে ২১ বছর বয়সী নেইমার বলেন, “একটা ম্যাচের কথা আমার মনে পড়ে। সম্ভবত ম্যাচটা ছিল ২০০৫ সালের, রোনালদিনিয়ো দুই গোল করেছিলেন।”

রিয়ালের জার্সিতে অনেকদিন ধরে খেলছেন ব্রাজিলের আরেক ফুটবলার মার্সেলো। তুমুল উত্তেজনার এই ম্যাচে নেইমারের প্রতিপক্ষ হিসেবেই মাঠে নামবেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। জাতীয় দলে ও মাঠের বাইরে তারা দু’জন বন্ধু; কিন্তু ক্লাসিকোর আমেজে শনিবার নেইমারকে যেভাবেই হোক ঠেকানোর চেষ্টায় থাকবেন মার্সেলো।

কেমন হয়ে থাকে ক্লাসিকোর লড়াই; এবারই বা কেমন হবে, এ বিষয়ে মার্সেলোর সঙ্গে কথা বলেছেন নেইমার।

বন্ধুর সঙ্গে ঐ আলাপের বিষয় তুলে ধরে তিনি বলেন, “মার্সেলো এবং আমি ক্লাসিকোর বিষয়ে একটু আলাপ করেছি। আমাদের মাঝে দারুণ সম্পর্ক। সে ভালো বন্ধু কিন্তু তাকে আমি বলেছি, এবার বার্সেলোনায় জিতবে।”

নেইমারের আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও ক্লাসিকোর সাম্প্রতিক পরিসংখ্যান কিন্তু এগিয়ে রাখছে রিয়ালকে। শেষ পাঁচ ম্যাচের একটিতেও জিততে পারেনি বার্সা। তিনটিতে জিতেছে রিয়াল, বাকি দুটি ড্র।