তাইপে যাচ্ছে আর্চারি দল
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ এবং যুব অলিম্পিকের বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশ। চাইনিজ তাইপেতে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশ নিতে দুটি দল ঢাকা ছেড়ে যাবে ২৭ অক্টোবর।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর তাইপে সিটিতে অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ।
প্রতিযোগিতায় বাংলাদেশের ইমদাদুল হক মিলন, রোমান সানা, দুরুল হুদা ও মাথুই প্রু মারমা অংশ নেবেন।
সম্প্রতি ইসলামিক সলিডারিটি গেমসে রুপা পদক জিতেছিলেন মিলন। এই প্রতিযোগিতায়ও ভালো করতে আশাবাদী তিনি।
“এই প্রতিযোগিতায় বিশ্বের অন্যতম সেরা আর্চাররা অংশ নিয়ে থাকেন। তাই এখানে পদক জেতা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারপরও আশা করছি ভালো কিছু করতে পারবো।”
যুব অলিম্পিকের বাছাই পর্বও একই সময়ে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রেননয় মুরং ও হিরা মনি।
হিরা মনি বলেন, “প্রতিযোগিতায় ভালো কিছু করার যোগ্যতা আমাদের আছে। এর আগে এই প্রতিযোগিতায় আমাদের আর্চারদের ভালো করার রেকর্ড রয়েছে। সেই প্রেরণা থেকে ভালো কিছু করবো বলে আমার দৃঢ় বিশ্বাস।”
