পিএসজির জয়ে ইব্রার ৪ গোল
আবারো জ্বলে উঠলেন সুইডেনের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দশম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে চার গোল করার কৃতিত্ব গড়েছেন তিনি। আর তার এই অসাধারণ নৈপুণ্যে বেলজিয়ামের অ্যান্ডারলেখটকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি।
হারতেই যেন ভুলে গেছে ফ্রান্সের গতবারের চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচ অপরাজেয় থেকে ঘরোয়া লিগের পয়েন্ট তালিকায় রয়েছে শীর্ষে। মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত দলটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত শতভাগ সফল।
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের ১৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করার পাশাপাশি দলের জয়টাও নিশ্চিত করে ফেলেন ইব্রাহিমোভিচ।
৫১ মিনিটে সে গোলবন্যায় যোগ দেন উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানি। আর ৬২ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন ইব্রাহিমোভিচ।
দারুণ এই নৈপুণ্যে ছয় গোল করে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন ইব্রাহিমোভিচ। আর সাত গোল নিয়ে সবার উপরে আছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো।
তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় সবার উপরে আছে পিএসজি।
