২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের সহজ জয়ে উজ্জ্বল রিবেরি

চোট থেকে ফিরে এসে মাঠে আলো ছড়িয়েছেন ফ্রাঙ্ক রিবেরি। তার জোড়া গোলে বুধবার চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লাজেনকে সহজেই ৫-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 10:45 AM

Updated : 13 Oct 2022, 03:01 PM

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ২৫ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ফরাসি মিডফিল্ডার ফ্র্যাঙ্ক রিবেরি।

এরপর ৩৭ মিনিটে ক্রেয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচের পাস থেকে ব্যবধান বাড়ান অস্ট্রিয়ার মিডফিল্ডার ডেভিড আলাবা। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

৬১ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন রিবেরি। নেদারল্যান্ডসের ফরোয়ার্ড আরিয়েন রোবেনের পাস থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন এবারের উয়েফা বর্ষসেরা খেলোয়াড় রিবেরি।

তিন মিনিট বাদে অ্যাটাকিং মিডফিল্ডার মারিও গোৎসের পাস থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান ৪-০ করেন মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েন্সটাইগার।

আর ইনজুরি সময়ে রোবেনের আরেকটি দারুণ পাস থেকে শেষ গোলটি করেন গোৎসে।

দারুণ এই জয়ের ফলে তিন ম্যাচের নয় পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন। দিনের প্রথম ম্যাচে রাশিয়ার সিএসকে মস্কোকে ২-১ গোলে হারানো ম্যানচেস্টার সিটির পয়েন্ট ছয়; আর তৃতীয় স্থানে থাকা মস্কোর পয়েন্ট তিন।