২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের ভুলে জিতলো ম্যান ইউ

এবার সৌভাগ্যের পরশেই জয়ের স্বাদ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল সোসিয়েদাদের আত্মঘাতী গোলে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে ইংল্যান্ডের সফলতম দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 10:22 AM

Updated : 25 Apr 2022, 07:25 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিক ব্যর্থতার হতাশা একেবারে ঘিরে ধরেছে ম্যান ইউকে। পয়েন্ট তালিকার আট নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সে হতাশা জাপটে ধরেছিল। গত ম্যাচে শাখতার দোনেৎস্কের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল দলটি।

আর তাই প্রতিপক্ষের চরম ভুলে বুধবারের জয়টাকে আশীর্বাদ বলা ছাড়া উপায় কি?     

এদিন ওল্ড ট্র্যাফোর্ডে স্পেনের দলটির খলনায়ক হলেন ডিফেন্ডার ইনিগো মার্তিনেস। ম্যাচ শুরু হতে না হতে নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি।

দ্বিতীয় মিনিটে বল নিয়ে ডি বক্সের মাঝে ঢুঁকে পড়েন স্বাগতিক স্ট্রাইকার ওয়েইন রুনি। তার জোড়ালো শট গোলপোস্টে লেগে ফিরে এলে তা বিপদমুক্ত করতে গিয়ে নিজেদেরই বিপদ ডেকে আনেন মার্তিনেজ।

‘এ’ গ্রুপের অপর ম্যাচে জার্মানির বায়ার লেভারকুজেন ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউক্রেনের শাখতার দোনেৎস্ককে।

তিন ম্যাচের দুটিতে জয় ও একটিতে ড্র করে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ‘রেড ডেভিলস’ নামে পরিচিত ম্যানইউ। ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেভারকুজেন। আর তৃতীয় স্থানে থাকা শাখতারের পয়েন্ট চার।