২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় রাউন্ডের পথে রিয়াল

ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 03:51 AM

Updated : 23 Aug 2022, 07:09 PM

‘বি’ গ্রুপে প্রত্যেক দলের তিনটি করে ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ডেনমার্কের কোপেনহেগেনকে ৩-১ গোলে হারিয়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তুরস্কের গালাতাসারাই।

তৃতীয় জুভেন্টাসের পয়েন্ট দুই। এক পয়েন্ট নিয়ে সবার নিচে কোপেনহেগেন।

বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে রিয়ালের জয়ের নায়ক রোনালদো। ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নদের দুটো গোলই পর্তুগিজ তারকার।

চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্পেনের পরাশক্তিরা। আনহেল ডি মারিয়ার থ্রু ধরে, বক্সের ভেতর ঢুকে, প্রতিপক্ষ গোলরক্ষক জিয়ানলুইজি বুফফনকে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন রোনালদো।

অনেক দিন পর প্রথম একাদশে অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে ফিরে পাওয়া রিয়াল অবশ্য এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি। ২২ মিনিটে অতিথিদের সমতায় ফেরান ফার্নান্দো লরেন্তে।

তবে ২৯ মিনিটে আবার এগিয়ে যায় স্বাগতিকরা। ফ্রি-কিক থেকে হেড করতে উদ্যত স্যার্হিও রামোসকে জিওর্জিও কিয়েল্লিনি বক্সের মধ্যে ফেলে দিলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি।

সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি রোনালদোর। এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে এটা তার সপ্তম গোল।

আক্রমণ-পাল্টা আক্রমণে উপভোগ্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের শুরুতেই এক বিতর্কিত ঘটনা। ৪৮ মিনিটে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় কিয়েল্লিনির হাত মুখে লাগার সঙ্গে-সঙ্গে পড়ে যান রোনালদো। রেফারিও কোনো দ্বিধা না করে সরাসরি লাল কার্ড দেখান কিয়েল্লিনিকে।

দশ জন হওয়ার পর রক্ষণাত্মক হয়ে পড়ে জুভেন্টাস। রিয়ালও ব্যবধান বাড়ানোর তেমন চেষ্টা করেনি।

তারপরও ৫৯ মিনিটে সুবর্ণ সুযোগ পেয়েছিলেন করিম বেনজেমা। কিন্তু গোল লাইনের কয়েক গজ সামনে ফাঁকায় বল পেলেও তার শট চলে যায় ক্রস বারের ওপর দিয়ে।

তার দুই মিনিট পর বেনজেমার বদলে গ্যারেথ বেলকে মাঠে নামান রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার তেমন কিছু করতে পারেননি।