২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় আতলেতিকোর

ইউরোপ সেরার মঞ্চে জিতেই চলেছে আতলেতিকো মাদ্রিদ। মঙ্গলবার অস্ট্রিয়া ভিয়েনাকে ৩-০ গোলে হারিয়েছে স্পেনের দলটি। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে এটি তাদের টানা তৃতীয় জয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 11:55 AM

Updated : 13 Oct 2022, 03:01 PM

দলের সহজ এই জয়ে জোড়া গোল করেছেন লা লিগায় একের পর এক গোল করে চলা ব্রাজিলের স্ট্রাইকার দিয়েগো কস্তা।

অস্ট্রিয়া ভিয়েনার স্টেডিয়ামে অষ্টম মিনিটে এগিয়ে যায় আতলেতিকো। ব্রাজিল ডিফেন্ডার পেলিপে লুইসের পাস থেকে গোলটি করেন স্পেনের মিডফিল্ডার রাউল গার্সিয়া।

২০ মিনিটে নিজের প্রথম আর দলের দ্বিতীয় গোলটি করেন কস্তা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া মাদ্রিদের দলটির জয় তখনই মোটামুটি নিশ্চিত হয়ে যায়।

Image
জোড়া গোল করেন দিয়েগো কস্তা।

জোড়া গোল করেন দিয়েগো কস্তা।

বিরতির আট মিনিট বাদে আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনসুয়ার পাস থেকে লক্ষ্যভেদ করে বড় জয় নিশ্চিত করেন সম্প্রতি স্পেনের নাগরিকত্ব পাওয়া কস্তা।

গ্রুপের অপর ম্যাচে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ ১-০ গোলে হারিয়েছে পর্তুগালের পোর্তোকে।

এখন পর্যন্ত শতভাগ সফল আতলেতিকো নয় পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেনিত। আর পরের দুটি দল পোর্তো ও অস্ট্রিয়া ভিয়েনার পয়েন্ট তিন ও এক।