আর্সেনালের জয়রথ থামালো বরুসিয়া
অবেশেষে হারের স্বাদ পেলো জয়রথে চেপে বসা আর্সেনাল। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ২-১ গোলে হেরে গেছে ইংল্যান্ডের ক্লাবটি।
এবারের ইউরোপ সেরার মঞ্চে ‘গানার্স’ নামে পরিচিত আর্সেনালের এটাই প্রথম হার। আগের দুই ম্যাচেই জিতেছিল তারা। আর ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হার দিয়ে মৌসুম শুরু করলেও পরের সাতটি ম্যাচের ছয়টিতে জিতেছে তারা, ড্র হয়েছে অন্য ম্যাচ ।
অন্যদিকে নাপোলির বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করা বরুসিয়ার এটা টানা দ্বিতীয় জয়।
বরুসিয়াকে এগিয়ে দেন হেনরিখ মিখাতারিয়ান।
মিখাতারিয়ানকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস।
৩৮ মিনিটে ম্যাচে ফেরার দারুণ একটা সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু চেক প্রজাতন্ত্রের ফরোয়ার্ড টমাস রসিস্কির ভলি বরুসিয়ার গোলরক্ষককে এড়াতে পারলেও গোললাইনের দাঁড়ানো ডিফেন্ডার ম্যাটস হামেলসকে পরাস্ত করতে পারেনি।
তিন মিনিট পরেই অবশ্য কাঙ্খিত সমতাসূচক গোলটি পেয়ে যায় আর্সেন ভেঙ্গার দল। ফরাসি ডিফেন্ডার বেকারি সাগনার ক্রস গোলরক্ষক রোমান ভেইডেনফেল্লার ফিরিয়ে দিলেও বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো সাগনার স্বদেশী স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ। একরকম ফাঁকা গোলপোস্টেই ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি।
ভলিতে লক্ষ্যভেদ করেন আর্সেনাল স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ।
অলিভিয়ে জিরুদের গোল
অবশেষে ৮২ মিনিটে স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে বল জালে জড়ান লেভানদোভস্কি। ডিফেন্ডার কেভিন ক্রেউৎজের পাস থেকে জয়সূচক গোলটি করেন তিনি।
আর্সেনালকে হারিয়ে তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে বরুসিয়া। আর্সেনাল ও নাপোলির পয়েন্টও সমান ছয় কিন্তু গোল গড়ে পিছিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে তারা।
জয়ের ধারায় ফিরেছে নাপোলি
গ্রুপের অন্য ম্যাচে ফ্রান্সের অলিম্পিক মার্সেইকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইতালির নাপোলি।
প্রথম ম্যাচে ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা দারুণভাবে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে আর্সেনালের মাঠে হেরে গিয়েছিল তারা। সে হতাশা কাটিয়ে এদিন মার্সেইকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে ডিয়েগো ম্যারাডোনার সাবেক দলটি।
৪২ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার হোসে ক্যালেহনের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নাপোলি। ৬৭ মিনিটে কলম্বিয়ার স্ট্রাইকার দুভান জাপাতার লক্ষ্যভেদে ব্যবধান বাড়ায় নাপোলি।
নির্ধারিত সময় শেষের চার মিনিট বাকি থাকতে স্বাগতিকদের ঘানার স্ট্রাইকার আন্দ্রে আইউ ব্যবধান কমালে ম্যাচে নাটকীয়তার আভাস মেলে। শেষ পর্যন্ত অবশ্য হাসিমুখেই মাঠ ছাড়ে নাপোলি।
