বেকহ্যামের তীব্র সমালোচনা ফার্গুসনের
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন মনে করেন, দলের চেয়ে নিজেকে বড় ভাবতেন ডেভিড বেকহ্যাম। ম্যান ইউর সাবেক তারকার যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর সিদ্ধান্ত ছিল ভুল। এই সিদ্ধান্তের ফলে বেকহ্যামের ফুটবল-জীবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।
মঙ্গলবার প্রকাশিত আত্মজীবনী ‘মাই অটোবায়োগ্রাফি’তে এসব কথা লিখেছেন গত মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানো ফার্গুসন।
বইটির ‘বেকহ্যাম’ অধ্যায়ে ম্যান ইউর সফলতম কোচ লিখেছেন, “তার (বেকহ্যামের) যুক্তরাষ্ট্রে যাওয়ার পেছনে ফুটবল সম্পর্কিত কোনো কারণ ছিল না। বলা যায় সে তখন শীর্ষ পর্যায়ের এবং আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিল। অথচ আপনি যে বিষয়ে ভালো তা কখনোই আপনার ছেড়ে দেয়া উচিৎ নয়।”
১৯৯৩ সালে ম্যান ইউয়ে পেশাদার ফুটবল জীবন শুরু করা বেকহ্যাম প্রায় এক দশক ফার্গুসনের দলে থাকার পর (১৯৯৪-৯৫ মৌসুমে প্রেস্টন নর্থ এন্ড নামে একটি দলে ধারে খেলতে গিয়েছিলেন) ২০০৩ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে।
চার মৌসুম রিয়ালে কাটিয়ে ২০০৭ সালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। এ বছরের শুরুতে প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজিতে যোগ দেয়ার পর গত মে মাসে অবসর নেন বেকহ্যাম।
বেকহ্যামের সমালোচনা করে দীর্ঘ ২৭ বছর ম্যান ইউর কোচের দায়িত্বে থাকা ফার্গুসন আরো বলেন, “আমি যত খেলোয়াড়কে কোচিং করিয়েছি তাদের মধ্যে একমাত্র বেকহ্যামেরই ধ্যান-জ্ঞান ছিল বিখ্যাত হওয়া। খেলার বাইরের অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে পরিচিতি পাওয়ার বাসনা ছিল তার।”
“ডেভিড (বেকহ্যাম) ভেবেছিল সে অ্যালেক্স ফার্গুসনের চেয়েও বড় কিছু। যেন দলে কোচ একেবারেই অর্থহীন কোনো বিষয়।”
