২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসৌজন্যমূলক আচরণের দায়ে অভিযুক্ত মরিনিয়ো

কার্ডিফ সিটির বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অসৌজন্যমূলক আচরণের দায়ে চেলসির কোচ জোসে মরিনিয়োকে অভিযুক্ত করেছে ইংল্যান্ডের ফুটবল সংস্থা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

এই অভিযোগের বিপক্ষে নিজের অবস্থান জানাতে পর্তুগিজ এই কোচকে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধা ছয়টা পর্যন্ত সময় বেধে দিয়েছে সংস্থাটি।  

গত শনিবার ঐ ম্যাচ শেষের ২০ মিনিট বাকি থাকতে মেজাজি এই কোচকে লাল কার্ড দেখিয়ে ডাগআউট থেকে বিদায় করে দেন রেফারি। কার্ডিফ সময় নষ্ট করছে অভিযোগ করে সমানে চেচাচ্ছিলেন ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত মরিনিয়ো। প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ৪-১ গোলে ম্যাচটি জিতেছিল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

অভিযোগের বিরুদ্ধে তাৎক্ষণিক মন্তব্যে মরিনিয়ো বলেন, “টাকা খরচ করে টিকেট কেটে ম্যাচটি যদি আমি দেখতাম, তাহলে ব্যাপারটা অবশ্যই আমাকে বিরক্ত করতো। কারণ খেলাটিতে বল যতবার বাইরে গেছে, থ্রোয়িংয়ের জন্য প্রতিবার ২১.৫ সেকেন্ড সময় নষ্ট হয়েছে।”

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জার্মানির শালকের বিপক্ষে ম্যাচের আগের দিন সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মরিনিয়ো বলেন, “এটা অর্থের অপচয়। সবাই টিকেটের জন্য টাকা খরচ করেছে কিন্তু যতবার খেলা বন্ধ হয়েছে, প্রতিবারই আপনাকে আধা মিনিট অপেক্ষা করতে হয়েছে। নষ্ট হওয়া সময় যোগ করলে দেখা যাবে… আপনি ৯০ মিনিটের জন্য টাকা খরচ করেছেন কিন্তু দেখেছেন ৫৫ থেকে ৬০ মিনিট।”