আবার মুখোমুখি বার্সা-মিলান
সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা আর এসি মিলানের লড়াই নিয়মিত ঘটনা। মঙ্গলবার রাতে টানা তৃতীয় মৌসুমের মতো মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলের দুই পরাশক্তি।
গতবার ‘রাউন্ড অব সিক্সটিন’ বা দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে বার্সাকে ২-০ গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল মিলান। ফিরতি লেগে অবশ্য নির্মম প্রতিশোধ নেয় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ ক্যাম্প নউ-এ লিওনেল মেসির দুই গোলে মিলানকে ৪-০তে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে চলে যায় তারা।
তার আগের মৌসুমে চার বার মুখোমুখি হয়েছিল দুদল। গ্রুপ পর্বে বার্সার মাঠে প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর মিলানের মাঠে বার্সা জিতেছিল ২-১ গোলে।
কোয়ার্টার ফাইনালে আবার দুই দল মুখোমুখি। মিলানের সান সিরোতে প্রথম লেগ শেষ হয় গোলশূন্যভাবে। তবে ক্যাম্প নউ-এ ফিরতি লেগে দাঁড়াতে পারেনি মিলান, বার্সা জিতে যায় ৩-১ গোলে। তিন গোলের দুটোই মেসির।
মঙ্গলবারও সান সিরোতে চার বারের ফিফা বর্ষসেরার দিকেই তাকিয়ে বার্সা। চোট কাটিয়ে প্রায় তিন সপ্তাহ পর মাঠে নামলেও গত শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে জ্বলে উঠতে পারেননি মেসি। বার্সেলোনাও ড্র করে প্রথম পয়েন্ট নষ্ট করেছে লিগে।
মেসির পাশাপাশি কার্লোস পুয়োলকে ফিরে পাওয়াও বার্সার জন্য দারুণ স্বস্তির খবর। ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়েই প্রায় ৭ মাস পর মাঠে ফিরেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।
অতিথি দল যখন চোট সমস্যা কাটিয়ে উঠে উজ্জীবিত, স্বাগতিকরা তখন এই সমস্যায় জর্জরিত। উরুর চোটের কারণে বার্সার বিপক্ষে দলের সেরা স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে না পাওয়ায় শঙ্কায় মিলান।
আরেক স্ট্রাইকার জিয়ামপাওলো পাজ্জিনি ও ফরোয়ার্ড স্তেফান এল শারাউই-ও চোটের কারণে না-ও খেলতে পারেন মঙ্গলবার।
