বাফুফে অ্যাকাডেমির সংস্কার বন্ধ
কিছু দিন চলার পর বন্ধ হয়ে গেছে সিলেট বিকেএসপিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অ্যাকাডেমির সংস্কার কাজ। সংস্কারের জন্য বরাদ্দ এক কোটি ৯৫ লাখ টাকা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অর্থ মন্ত্রণালয়ে ফেরত চলে গেছে।
জাতীয় ক্রীড়া পরিষদ নির্ধারিত সময়ে ব্যবহার করতে না পারায় এই টাকা ফেরত চলে গেছে। তাই এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে অ্যাকাডেমির সংস্কার কাজ।
ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায় জানিয়েছেন, “আগের সচিবের সময়ে দরপত্র আহ্বানে অনেক সময় ব্যয় হয়। সংস্কারের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় টাকা ফেরত চলে গেছে।”
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন একক উদ্যোগে অর্থ মন্ত্রণালয় থেকে অ্যাকাডেমির জন্য এই বিশেষ বরাদ্দের অনুমোদন নিয়ে আসেন। টাকাটা অবশ্য সরাসরি বাফুফে পায়নি।
জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে গত অগাস্টে সংস্কার শুরু হয়েছিল।
