২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলকে নিয়ে রোনালদোর আশাবাদ

ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো মনে করেন, ২০১৪ বিশ্বকাপে তার স্বদেশের শিরোপা জয়ের ভালো সম্ভাবনা আছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 08:24 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

গত বিশ্বকাপের পর থেকে ব্যর্থতার ভেতর দিয়ে যাচ্ছিল ব্রাজিল। তবে গত জুনে কনফেডারেশন্স কাপের ফাইনালে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে দেয়ার পর থেকে অনেকের ধারণা, ‘সেলেসাও’ নামে পরিচিত ব্রাজিলের ফুটবল দল আগামী বিশ্বকাপে বাজিমাত করবে।

রোনালদোও সেই ধারণায় বিশ্বাসী। ফিফার অফিশিয়াল ওয়েবসাইটকে তিনি বলেন, “বিশ্বকাপ অবশ্যই সমান নয়, তবে (ব্রাজিল) দল কনফেডারেশন্স কাপে তাদের সক্ষমতার কথা জানিয়েছে। সময়ের সঙ্গে-সঙ্গে ব্রাজিলের দারুণ উন্নতি হয়েছে।”

“আর এটাই ব্রাজিলের আশা বাড়িয়ে দিয়েছে। ঘরের মাঠে আমরা বিশ্বকাপ জিততেও পারি। আমাদের (শিরোপা জয়ের) জোরালো সম্ভাবনা আছে।”

অবশ্য শুধু ব্রাজিল নয়, স্পেন আর জার্মানিকেও বিশ্বকাপের ‘ফেভারিট’ হিসেবে মনে করেন রোনালদো। এ প্রসঙ্গে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক বলেন, “স্পেন আর জার্মানিও শিরোপার দাবিদার। তবে ব্রাজিল তাদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। তাছাড়া আমরা ঘরের মাঠে খেলবো। আমি বলতে চাই ব্রাজিল, জার্মানি ও স্পেন এই পর্যায়ক্রমে (বিশ্বকাপের) ফেভারিট।”