২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অঘটনের শিকার জুভেন্টাস, ইন্টার

ইতালিয়ান সেরি-আ’য় জুভেন্টাসের অপরাজিত থাকার গৌরব শেষ। দুই গোলে এগিয়ে গিয়েও ফিওরেন্তিনার কাছে ৪-২ গোলে হেরে গেছে গত দুবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 10:00 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

রোববার রাতে পরের ম্যাচে ইন্টার মিলানকে ৩-৩ গোলে রুখে দিয়েছে তুরিনো।

টানা চারটি জয়ের পর লিগে প্রথম হারের তেতো স্বাদ পেলেও পয়েন্ট টেবিলে অবনমন হয়নি জুভেন্টাসের। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে তারা।

সমান পয়েন্ট হলেও গোল গড়ে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে নাপোলি। টানা ৮ ম্যাচ জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রোমা। জুভেন্টাসকে হারিয়ে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ফিওরেন্তিনা।

রোববার ঘরের মাঠে ফিওরেন্তিনার জয়ের নায়ক গুইসেপ্পে রস্সি। হ্যাটট্রিক করে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।

৩৭ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজের সফল পেনাল্টি এগিয়ে দেয় জুভেন্টাসকে। তিন মিনিট পর ফরাসি মিডফিল্ডার পল পোগবার লক্ষ্যভেদে ২-০ গোলে এগিয়ে যাওয়া অতিথিরা সহজ জয়ের আশা নিয়ে বিরতিতে যায়।

কিন্তু দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের এক ‘ঝড়’ নাটকীয়ভাবে হারিয়ে দেয় সেরি-আ’র রেকর্ড ২৯ বারের চ্যাম্পিয়নদের।

৬৬ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান রস্সি। ১০ মিনিট পর ফিওরেন্তিনাকে সমতায় ফেরানো গোলটিও তার।

দুই মিনিট পরই অর্থাৎ ৭৮ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার হোয়াকিন সানচেসের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। ৮১ মিনিটে রস্সির হ্যাটট্রিক গোলে জয়ও নিশ্চিত হয়ে যায় তাদের।

রোববার রাতে পরের ম্যাচের ৯০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ইন্টার মিলানের দুই পয়েন্ট কেড়ে নেন তুরিনোর নিকোলা বেল্লোমো।

ছয়টি গোলের এই রোমাঞ্চকর ম্যাচের ২১ মিনিটে তুরিনোকে এগিয়ে নিয়েছিলেন আলেক্সান্ডার ফার্নেরুদ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইন্টারকে সমতায় ফেরান ফ্রেডি গুয়ারিন। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে কাইলো ইম্মোবাইলের গোলে আবার এগিয়ে যায় তুরিনো।

এরপর রদ্রিগো পালাসিওর দুই গোলে জয়ের দিকেই যাচ্ছিল ইন্টার; কিন্তু শেষ মুহূর্তের গোলে তা আর হয়নি। আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সেরি আর পঞ্চম স্থানে আছে মিলানের এই দলটি।

রোববার হেরে গেছে লাৎসিও। আতালান্তার মাঠ থেকে ২-১ গোলের হার নিয়ে ফিরেছে তারা।

অন্যান্য ম্যাচে সাসসুয়োলো ২-১ গোলে বোলোনিয়াকে, জেনোয়া একই ব্যবধানে শিয়েভোকে, সাম্পদোরিয়া ২-১ গোলেই লিভোরনোকে এবং হেল্লাস ভেরোনা ৩-২ গোলে পার্মাকে হারিয়েছে।