২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির সহজ জয়

ফ্রান্সের লিগ ওয়ানে সহজ জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি। বাস্তিয়াকে ৪-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 01:31 AM

Updated : 13 Oct 2022, 03:01 PM

শনিবার ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে দুটি করে গোল করেন দুই স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ ও এদিনসন কাভানি।

মোনাকোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর এটা পিএসজির টানা চতুর্থ জয়।

১০ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রয়েছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ২১ পয়েন্ট নিয়ে মোনাকোর অবস্থান দ্বিতীয়।

ঘরের মাঠে দশম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। তিন মিনিট পর দলের দ্বিতীয় গোলটিও করেন ‘ইব্রা’ নামে পরিচিত সুইডিশ স্ট্রাইকার।

২-০ হওয়ার পর আরো কয়েকটি সুযোগ পেলেও বিরতির আগে আর গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

৬২ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন কাভানি। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে শেষ গোলটিও উরুগুয়ের এই স্ট্রাইকারের।