'ভুতুড়ে' গোলে লেভারকুজেনের জয়
জার্মানির বুন্দেসলিগায় 'ভুতুড়ে' এক গোলের সৌজন্যে হফেনহাইমকে ২-১ গোলে হারিয়েছে বায়ার লেভারকুজেন।
ম্যাচের ৭০ মিনিটে লেভারকুজেনের স্টেফান কিসলিংয়ের হেড লক্ষ্যভ্রষ্ট হলেও নেটের পাশের ফুটো দিয়ে গোলে ঢুকে যায়।
একটুর গোল হয়নি ভেবে কিসলিং মাথায় হাতও দিয়েছিলেন। কিন্তু তার সতীর্থরা বিষয়টি বুঝতে না পেরে উল্লাস শুরু করে, রেফারিও বাজিয়ে দেন গোলের বাঁশি।
এই গোলের ফলে ২-০ গোলে এগিয়ে যায় লেভারকুজেন। পরে একটি গোল শোধ করে হফেনহাইম।
পরে অবশ্য লেভারকুজেনের কর্মকর্তারাও স্বীকার করে নেন গোলটি দেয়া ঠিক হয়নি।
হফেনহাইমের ফুটবল পরিচালক আলেক্সান্ডার রোজেন জানান, তার লিগ কর্তৃপক্ষের কাছে গোলটি বাতিলের আবেদন জানাবেন।
"আমরা অবশ্যই তা করবো। এমনকি লেভারকুজেনের খেলোয়াড়রাও গোলটি উদযাপন করেনি।"
ম্যাচটি শেষে দর্শকদের দুয়ো ধ্বনির মধ্য দিয়ে মাঠ ছাড়েন রেফারি ফেলিক্স ব্রাইখ।
জার্মানির গণমাধ্যমকে তিনি বলেন, "আমার মনেও গোলটি নিয়ে কিছুটা সন্দেহ হয়েছিল। কিন্তু খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখে কিছু বোঝা যায়নি। আর কেউ আমাকে বলেওনি যে বলটা এভাবে ভেতরে ঢুকেছে। যে গোল হয়নি, তা আমি দিয়ে দিয়েছি। আমিও ভালো অবস্থায় নেই।"
আর ভুতুড়ে গোলটির মালিক কিসলিং স্কাই স্পোর্টসকে বলেন, "আমি প্রথবে ভেবেছিলাম বলটি ভেতরে ঢুকেনি। কিন্তু সবাই আমার কাছে এসে উদযাপন করা শুরু করলো।"
এই জয়ের ফলে নয় খেলায় ২২ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার শীর্ষে উঠে এল লেভারকুজেন। অবশ্য শনিবার লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখ আর বরুসিয়া ডর্টমুন্ড জিতলে আবার তৃতীয় স্থানে চলে যাবে দলটি।
