২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাপোলিকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো রোমা

ইতালির সেরি আতে এ মৌসুমে টানা আটটি ম্যাচ জিতে শতভাগ সাফল্য ধরে রাখলো এএস রোমা। শুক্রবার রাতে তারা ২-০ গোলে হারিয়েছে এই ম্যাচের আগ পর্যন্ত অপরাজিত থাকা নাপোলিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 10:55 AM

Updated : 23 Aug 2022, 07:07 PM

ঘরের মাটিতে রোমার পক্ষে দুটো গোলই করে বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ।

প্রধমার্ধের শেষ মুহূর্তে ২৫ গজ দূর থেকে নেয়া ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন পিয়ানিচ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে অপর গোলটি করেন তিনি।

দুটো গোলের জন্যই দায়ী করা যায় নাপোলি ডিভেন্ডার পাওলো কান্নাভারোকে। তার ফাউলের কারণেই ফ্রি-কিক ও পেনাল্টিটি পেয়েছিল রোমা। এই দুই ফাউলে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকেও।

ফিটনেস সমস্যায় ভোগা নাপোলির তারকা স্ট্রাইকার গনসালো হিগুয়াইনকে বদলি হিসেবে নামিয়েছিলেন কোচ রাফা  বেনিতেস। কিন্তু তাতে ম্যাচের ফল আর পাল্টায়নি। নাপোলির হয়ে প্রথম হারের মুখ দেখলেন তিনি।

ম্যাচটি জিতলেও উরুতে চোট পেয়ে পেয়ে তারকা ফুটবলার ফান্সেসকো টট্টি মাঠ ছাড়তে বাধ্য হওয়ায় চিন্তায় পড়েছে রোমা।

আট ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখলো রোমা। শুধু পয়েন্টের হিসেবেই নয়, আসরের শুরু থেকে রোমা কতটা অদম্য গতিতে এগিয়ে চলেছে তার প্রমাণ মেলে গোলপার্থক্যের হিসেবেও। রাজধানীর এই দলটি আট ম্যাচে করেছে ২২ গোল, হজম করেছে মাত্র একটি।

আট ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে এ মৌসুমে বিশাল বাজেটের দল গড়া নাপোলি।