চোট কাটিয়ে ফিরছেন মেসি
লিওনেল মেসির ভক্তদের অপেক্ষার প্রহর শেষের পথে। চোট কাটিয়ে দলে ফিরেছেন ফুটবলের মহাতারকা। শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে বার্সেলোনা তারকার মাঠে নামা প্রায় নিশ্চিত।
আরেক জনকে ফিরে পেয়েও স্প্যানিশ চ্যাম্পিয়নরা উদ্বেলিত। হাঁটুর চোট কাটিয়ে ফিরতে যাচ্ছেন কার্লোস পুয়োল। মেসির মতো দীর্ঘ দিনের অধিনায়ককেও ওসাসুনা সফরে দলে রেখেছেন বার্সার কোচ জেরার্দো মার্তিনো।
গত ২৮ সেপ্টেম্বর আলমেরিয়ার মাঠে খেলার সময় উরুর পেশিতে টান পড়ায় মাঠের বাইরে চলে যান মেসি। বিশ্বকাপ বাছাই পর্বে পেরু ও উরুগুয়ের বিপক্ষে খেলতে পারেননি। মাঝের সময়টা চিকিৎসার জন্য বার্সেলোনাতেই ছিলেন আর্জেন্টিনার চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্তিনো জানিয়েছেন, ওসাসুনার বিপক্ষে মেসির খেলতে কোনো সমস্যা নেই। মেসি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইন্সটাগ্রাম’-এ জানিয়েছেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ।
প্রায় ৭ মাস পর পুয়োলকে ফিরে পাওয়াও বার্সার জন্য দারুণ সুখবর। এই অভিজ্ঞ ডিফেন্ডারের ফেরার আকুতি দেখে মার্তিনো বিস্মিত।
বার্সার কোচ বলেন, “সে (পুয়োল) খেলতে পারবে কিনা তা দেখতে হবে। তবে সে দলের সঙ্গে যোগ দিতে মরিয়া। তার উত্তেজনা আমাকে অবাক করে দিয়েছে। যেন কোনো তরুণের লিগে অভিষেক হতে যাচ্ছে!”
মেসি-পুয়োল ছাড়াও প্রায় এক মাস পর হাভিয়ের মাসচেরানোকে ফিরে পেতে যাচ্ছে বার্সা। মেসির মতো এই আর্জেন্টাইনও উরুর পেশির চোটে পড়েছিলেন।
তবে জেরার্ড পিকে, দানি আলভেস ও অ্যালেক্সিস সানচেসকে ওসাসুনার মাঠে পাচ্ছে না বার্সা। চোট বা নিষেধাজ্ঞা নয়, তাদের অনুপস্থিতির কারণ মার্তিনোর সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর নীতি।
টানা ৮ ম্যাচ জিতে লা লিগার শীর্ষে আছে বার্সা। শনিবার জয় পেলে লিগে সেরা সূচনার রেকর্ড স্পর্শ করবে তারা। ১৯৬৮-৬৯ মৌসুমে টানা ৯ ম্যাচ জিতে রেকর্ডটা গড়েছিল বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
