পদত্যাগ করছেন না ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী
ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার ছয় মাস আগে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আয়োজক ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলো।
রেবেলো জানিয়েছিলেন, বিশ্বকাপের ১২টি স্টেডিয়াম প্রস্তুত হওয়ার পর ডিসেম্বরে পদত্যাগ করবেন তিনি।
কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অনুরোধে সাড়া দিয়ে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মন পরিবর্তন করে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেবেলো।
বার্তা সংস্থা রয়টার্সকে ব্রাজিলের ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “(প্রেসিডেন্ট) অনুরোধ করায় তিনি সিদ্ধান্ত বদল করে এই মন্ত্রণালয়ে থেকে যাচ্ছেন।”
দুর্নীতির অভিযোগে আগের ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর ২০১১ সালে এই দায়িত্ব নেন কমিউনিস্ট পার্টির কংগ্রেসম্যান রেবেলো।
তিনি জানিয়েছিলেন, আগামী বছরের অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করতে যাচ্ছেন।
আগামী বছরের ১২ জুন থেকে ১৩ জুলাই ব্রাজিলে বসবে বিশ্বকাপের ২০তম আসর।
