বার্সার প্রস্তাবে সাড়া দেননি বুফন
জুভেন্টাসের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন জানিয়েছেন, এক যুগ আগে বার্সেলোনায় যোগ দেয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
ছয় মৌসুম পার্মায় সাফল্যের সঙ্গে কাটানোর পর বুফনকে ২০০১ সালে কিনতে আগ্রহ প্রকাশ করেছিল বার্সা। কাতালান ক্লাবটি লোভনীয় প্রস্তাবও দিয়েছিল তাকে। কিন্তু তিনি তখন বার্সার বদলে সিদ্ধান্ত নেন জুভেন্টাসে যোগ দেয়ার।
এ প্রসঙ্গে ইতালির বিখ্যাত গণমাধ্যম প্রতিষ্ঠান ‘মিডিয়াসেট’কে বুফন বলেন, “২০০১ সালে আমি বার্সেলোনায় যোগ দিতে পারতাম। কিন্তু বাবার সঙ্গে আলোচনা করে জুভেন্টাসে যোগ দেয়ার সিদ্ধান্ত নেই। সেজন্য আমি আজো (বাবার কাছে) কৃতজ্ঞ।”
“জুভেন্টাসের হয়ে খেলা আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা। আমার জন্য দারুণ তৃপ্তিদায়কও বটে। আরেকটা কথাও মনে রাখতে হবে। বার্সেলোনার তখনকার দল বর্তমান দলটার ধারে-কাছেও ছিল না।”
জুভেন্টাসের প্রতি বুফনের ভালোবাসা সত্যিই নিখাদ। সেরি-আ’য় ম্যাচ পাতানোর দায়ে ২০০৬ সালে জুভেন্টাসকে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেয়া হলেও তিনি দলত্যাগ করেননি।
এ বছরের শুরুতে সেরি-আ’র রেকর্ড ২৯ বারের চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করে বুফন দারুণ খুশি। তিনি বলেন, “চুক্তি নবায়ন আমার জন্য আরেকটি মাইলফলক। পূর্ব ইউরোপের কোনো ক্লাবে খেলে আমি হয়তো অনেক টাকা রোজগার করতে পারতাম। কিন্তু আমি জুভেন্টাসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
“আমি আরো অনেক বছর খেলতে চাই, মানুষকে আরো বিস্ময় উপহার দিতে চাই।”
চুক্তি নবায়নের ফলে ২০১৫ সাল পর্যন্ত জুভেন্টাসে থাকতে পারবেন ৩৫ বছর বয়সী বুফন।
