বিশ্বকাপে সাফল্যের সন্ধানে রুনি
ওয়েইন রুনি মনে করেন, আগামী বছরের বিশ্বকাপে ইংল্যান্ডকে সাফল্য এনে দিতে পারলে তা হবে তার ফুটবল-জীবনের ‘বিশেষ অর্জন’।
প্রায় এক দশক আগে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হলেও জাতীয় দলের হয়ে রুনির তেমন কোনো অর্জন নেই। এই ১০ বছরে বিশ্বকাপ ও ইউরোতে ইংল্যান্ডের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনালে উত্তরণ।
আন্তর্জাতিক ফুটবলে ৮৬ ম্যাচে ৩৮ গোল করা রুনি তাই জাতীয় দলের হয়ে সাফল্য পেতে উদগ্রীব। ফুটবলের বিখ্যাত ওয়েবসাইট ‘গোল ডটকম’কে তিনি বলেন, “ইংল্যান্ডের হয়ে এটা আমার দশম বা একাদশ বছর। তাই এখন আমার লক্ষ্য সাফল্য আর শিরোপার জন্য যথাসাধ্য চেষ্টা করা। সেটা হবে আমার জন্য বিশেষ কিছু।”
১৫ অক্টোবর রুনি ও স্টিভেন জেরার্ডের লক্ষ্যভেদে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ২০১৪ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে ইংল্যান্ড। তার চার দিন আগে মন্টেনেগ্রোর বিপক্ষে ৪-১ গোলের জয়েও প্রথম গোলটি ছিল রুনির। ঐ দুই ম্যাচে তার পারফরম্যান্স সম্পর্কে ইংল্যান্ড কোচ রয় হজসনের মন্তব্য ‘দুর্দান্ত’।
বিশ্ব ফুটবলাঙ্গনে প্রতিভা প্রকাশের জন্য তার ব্যগ্রতা সম্পর্কে প্রশ্ন করা হলে রুনি বলেন, “প্রত্যেক টুর্নামেন্টেই আমি এটা ভীষণভাবে করতে চাই। কিন্তু কখনো তা হয়নি।”
“নিজে ভালো খেলার পাশাপাশি ইংল্যান্ডকে সফল হওয়ার জন্য সাহায্য করতে আমি সব সময়ই প্রতিজ্ঞাবদ্ধ। নিজের ওপরে আমি কোনো চাপ সৃষ্টি করতে চাই না। তবে আমি অবশ্যই চাই ভালো খেলতে।”
ক্যারিয়ারের শুরুতে তাকে মনে করা হতো ইংল্যান্ডের ফুটবলের ‘সোনালী ছেলে’। সেজন্য রুনিকে অনেক চাপও সামলাতে হয়েছে। তবে এখন ২৮ বছরে পৌঁছে তিনি মনে করেন, নতুন প্রজন্মের ফুটবলাররা তার সেই চাপ অনেক কমিয়ে দিয়েছে।
এ প্রসঙ্গে রুনি বলেন, “আমাদের দলে বেশ কয়েক জন প্রতিভাবান ফুটবলার এসেছে। যেমন (ড্যানি) ওয়েলবেক, (ড্যানিয়েল) স্টারিজ, (অ্যান্ড্রস) টাউনসেন্ড, (রস) বার্কলি, (জ্যাক) উইলশেয়ার। এই তরুণ খেলোয়াড়রা আমার চাপ অনেকখানি দূর করে দিয়েছে।”
“আমাদের দলে প্রতিভার মিশ্রণ চমৎকার। তাদের ঠিকমতো ব্যবহার করে আমাদের সাফল্যের জন্য চেষ্টা করা খুবই জরুরি।”
