২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরখাস্ত পোল্যান্ড ও ক্রোয়েশিয়ার কোচ

ব্রাজিলে আগামী বছরের ফুটবল বিশ্বকাপে দলকে নিতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত করা হয়েছে পোল্যান্ডের কোচকে। ক্রোয়েশিয়া প্লে-অফে খেলার সুযোগ পেলেও গত ম্যাচগুলোতে দলের খারাপ ফলের জন্য বরখাস্ত হয়েছেন কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

বুধবার কোচ ভালদেমার ফোরনালিককে বরখাস্ত করে পোল্যান্ডের ফুটবল কর্তৃপক্ষ।

গত শুক্রবার গ্রুপ 'এইচ' এ ইউক্রেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায় পোল্যান্ডের। মঙ্গলবার বাছাইপর্বের শেষ ম্যাচেও ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হারে তারা। গ্রুপে শেষ পর্যন্ত চতুর্থ হয়েছে দেশটি।

দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ইজবিগনিয়েভ বোনিয়েক বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, "ফোরনালিক আর জাতীয় দলের কোচ নেই। নতুন কোচ কে হচ্ছেন, তা দুই সপ্তাহের মধ্যে আপনাদের জানাবো।"

পোল্যান্ডের সাবেক ডিভেন্ডার ফোরনালিক গত বছরের জুলাইয়ে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন।

এদিকে ক্রোয়েশিয়ার কোচ ইগর স্তিমাককে সরিয়ে জাতীয় দলের সাবেক মিডফিল্ডার নিকো কোভাচকে দায়িত্ব দিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

মঙ্গলবার বাছাইপর্বের শেষ খেলায় স্কটল্যান্ডের কাছে ২-০ গোলে হারার পর সরে দাড়ানোর প্রস্তাব দেয়া স্তিমারকে বরখাস্ত করে ক্রোয়েশিয়া।

গ্রুপের শেষ চারটি ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেয়েছে ক্রোয়েশিয়া। তবে গ্রুপ রানার্সআপ হিসেবে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করায় এখনও বিশ্বকাপে ওঠার স্বপ্ন টিকে আছে দেশটির।

দেশটির ফুটবার সংস্থার সভাপতি দাভর সুকের জানান, অনূর্ধ্ব-২১ দলের কোচ হিসেবে সাফল্য পাওয়ায় কোভাচকে পদোন্নতি দেয়া হয়েছে।

তিনি জানান, কোভাক আপাতত আগামী মাসে প্লে-অফের দু'টি ম্যাচে তত্ত্বাবধায়ক কোচ হিসেবে কাজ করবেন। এরপর দীর্ঘমেয়াদে তাকে দায়িত্ব দেয়া হতে পারে।

সরে দাড়ানোর প্রস্তাব দেয়া স্তিমারকে বরখাস্তের কারণও ব্যাখ্যা করেন সুকের, "আমি জানি যে স্তিমাক গণমাধ্যমের কাছে দেয়া বিবৃতিতে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে; কিন্তু আমরা তার কাছ থেকে মৌখিক বা লিখিতভাবে কিছু পাইনি।"

ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে স্থান পাওয়ার জন্য ইউরোপীয় অঞ্চলে প্লে-অফে আরো খেলবে পর্তুগাল, গ্রিস, ইউক্রেন, ফ্রান্স, সুইডেন, রোমানিয়া ও আইসল্যান্ড।