স্পেন বিশ্বকাপে, প্লে-অফের পরীক্ষায় ফ্রান্স
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে উঠে গেল স্পেন। ঘরের মাঠে জর্জিয়াকে ২-০ গোলে হারিয়ে তা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই জয়ে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ২০ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে থেকে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করলো। প্যারিসে ফিনল্যান্ডকে ৩-০ গোলে হারালেও ৩ পয়েন্ট পেছনে থাকা ফ্রান্সকে এখন প্লে-অফ খেলেই বিশ্বকাপে যেতে হবে।
ম্যাচের ২৬ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন আলভারো নেগ্রেদো।
ম্যানচেস্টাই সিটির এই স্ট্রাইকা্রের আরেকটি জোরালো শট বিরতির পাঁচ মিনিট আগে বারে লেগে ফিরে।
বদলি হিসেব নামার কয়েক মিনিটের মধ্যে গোল করে দলের সহজ জয় নিশ্চিত করেন হুয়ান মাতা। ৬১ মিনিটে আলগা বল ধরে একক নৈপুণ্যে গোলটি করেন তিনি।
ঘরের মাঠে দুর্দান্ত ছিলেন ইনিয়েস্ত। ভেন্যুর ৪০ কিলোমিটার দূরেরে ছোট্ট শহর আলবাসেতে থেকে উঠে আসা এই ফুটবলারকে ভক্তরা দারুণ সংবর্ধনাও দিয়েছে।
ম্যাচ শেষে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালের গোলদাতা ইনিয়েস্তা বলেন, “বিশ্বকাপ নিশ্চিত করার জন্য মনে হয় এটাই সেরা জায়গা। আজকের দিনটি আমার জন্য আবেগের। এখানে আমার পরিবার, বন্ধুরা সবাই এসেছে।”
১৯৭৮ সালে সর্বশেষ স্পেন বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যেতে ব্যর্থ হয়েছিল। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জেতার সুযোগ তাদের সামনে। ২০০৬ সালের নভেম্বর রোমানিয়ার কাছে এক প্রীতি ম্যাচে ১-০ গোলে হারের পর থেকে দেশের মাটিতে টানা ৩০ ম্যাচ ধরে অপরাজিত স্পেন।
এদিকে ফ্র্যাঙ্ক রিবেরির নৈপুণ্যে ফিনল্যান্ডকে ৩-০ গোলে হারালেও প্লে-অফে খেলতেই হচ্ছে ফ্রান্সকে। আগামী মাসে অনুষ্ঠেয় প্লে-অফের ম্যাচ দুটি নিয়েই এখন ভাবতে হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।
আট মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন রিবেরি। ব্যালন ডি’অরের অন্যতম শক্ত প্রার্থী রিবেরি এই ম্যাচেও ছিলেন অসাধারণ ছন্দে।
একের পর এক সহজ সুযোগ নষ্ট করা ফ্রান্স ৭৬ মিনিটে ব্যবধান বাড়ায় প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সৌজন্যে।
গত শুক্রবার অস্ট্রেলিযার বিপক্ষে ৬-০ গোলের বড় জয়ে টানা ১৫ ম্যাচের গোলখরা কাটানো বেনজামা আবার গোল পেয়েছেন। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে রিবেরি পাস থেকে তার জোরালো ভলি দলের সহজ জয় নিশ্চিত করে।
বাছাই পর্বে কঠিন প্রতিপক্ষই পেতে যাচ্ছে ফ্রান্স। এই মুহূর্তে ফিফা র্যাংকিংয়েরে ২৫ নম্বর নম্বরে রয়েছে তারা। বৃহস্পতিবার র্যাঙ্কিং হালনাগাদ করার পর সোমবার জুরিখে প্লে-অফের ড্র হবে। এতে ফ্রান্সের সেরা চারে থাকার সম্ভবনা ক্ষীণ।
