এবার জাম্বিয়াকে হারালো ব্রাজিল
প্রীতি ম্যাচে জাম্বিয়াকে সহজেই ২-০ হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
মঙ্গলবার আফ্রিকার দলটির সঙ্গে ব্রাজিল ম্যাচটি খেলেছে বেইজিংয়ের জাতীয় স্টেডিয়ামে, যা অলিম্পিকের সময় বার্ডস নেস্ট হিসেবে পরিচিত হয়েছিল।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন অস্কার ও দেদে। আফ্রিকার দলটির সঙ্গে ব্রাজিলের এটাই প্রথম দেখা।
চোটের কারণে জুলিও সিজার, থিয়াগো সিলভা ও ফ্রেডের অনুপস্থিতির পরও টানা চতুর্থ জয় পেয়েছে ব্রাজিল।
ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো ফেলিপে স্কলারির শিষ্যরা। নেইমারের ফ্রিকিক বারের ওপর দিকে লেগে লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় জাম্বিয়া।
১৫ মিনিটে নেইমারের সঙ্গে দেয়া নেয়া করে বিপজ্জনক জায়গায় বল পেয়েছিলেন রামিরেস। চেলসির এই মিডফিল্ডারের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে আবারো হতাশ হতে হয় আগামী বিশ্বকাপের আয়োজকদের।
৪১ মিনিটে দানি আলভেজের শট থেকে পাতোর দুর্দান্ত হেড থেকে দলকে রক্ষা করেন জাম্বিয়ার গোলরক্ষক।
৫৬ মিনিটে উল্টো গোল হজম করে বসেছিল ব্রাজিল। টেম্বোর ফ্রিকিক থেকে কোনোমতে দলকে রক্ষা করেন কাভালিয়ারি। ৫৯ মিনিটে জাম্বিয়ার প্রতিরোধ ভেঙ্গে এগিয়ে যায় ব্রাজিল। কর্নার থেকে বল পেয়ে অস্কারের জোরালো শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।
৬৬ মিনিটে নেইমারের ফ্রিকিক থেকে দেদের সফল হেডে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। দলের পক্ষে এটাই এই সেন্টারব্যাকের প্রথম গোল।
এরপরও সুযোগ পেয়েছিল ব্রাজিল কিন্তু স্ট্রাইকারের ব্যর্থতায় ব্যবধান আর বাড়েনি।
