কুইন্স ব্যাটন রিলে আসছে সোমবার
সোমবার ঢাকায় আসছে গ্লাসগো কমনওয়েলথ গেমসের কুইন্স ব্যাটন রিলে।
দুপুর তিনটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর পর এই ব্যাটন গ্রহণ করবেন ২০০২ ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শূটার আসিফ হোসেন খান।
এ সময়ে আসিফের সঙ্গে থাকবেন দুই শূটার আব্দুল্লাহ হেল বাকি ও সাদিয়া সুলতানা।
শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিওএ মহাসচিব শাহেদ রেজা বলেন, “কুইন্স ব্যাটন ঢাকায় আসার পর একটি র্যালির আয়োজন করা হবে। বিমানবন্দর থেকে শুরু হয়ে আফতাব নগরে গিয়ে শেষ হবে এই র্যালি।”
র্যালি শেষে একটি খোলা জিপে করে কুইন্স ব্যাটন বৃটিশ হাইকমিশনে নিয়ে যাওয়া হবে। বৃটিশ হাইকমিশনার তা গ্রহণ করে আবার ক্রীড়াবিদদের হাতে তুলে দেবেন। এরপর ব্যাটনটি আর্মি স্টেডিয়ামে রাখা হবে।
১৫ অক্টোবর কুইন্স ব্যাটন রিলে দল সাভার স্মৃতিসৌধে যাবে। এর পর হেরিটেজ পার্ক ও জাতীয় সংসদ ভবন পরিদর্শন করবে তারা।
১৬ অক্টোবর কুইন্স ব্যাটন রিলে দল পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে।
লন্ডনের ব্যাকিংহ্যাম প্যালেস থেকে গত ৯ অক্টোবর কুইন্স ব্যাটন রিলের যাত্রা শুরু হয়। বর্তমানে দলটি ভারতে অবস্থান করছে।
বৃটেনের রানি এলিজাবেথের বার্তা নিয়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোতে কুইন্স ব্যাটন রিলের আয়োজন করা হয়।
স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী বছরের ২৩ জুলাই থেকে ৩ অগাস্ট ২০তম কমনওয়েলথ গেমস হবে।
