ব্রাজিলের পথে আরেক ধাপ বিশ্ব চ্যাম্পিয়নদের
ব্রাজিল বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্য পূরণে অনেকটাই এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।
শুক্রবার ‘আই’ গ্রুপের একমাত্র ম্যাচে বেলারুশকে ২-১ গোলে হারিয়েছে তারা।
ঘরের মাঠে স্বাগতিকদের দুই গোলদাতা হলেন মিডফিল্ডার চাভি হার্নান্দেস ও স্ট্রাইকার নেগ্রেদো। অতিথিদের পক্ষে একটি গোল পরিশোধ করেন স্ট্রাইকার সের্গেই কর্নিলেঙ্কো।
সাত ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। সমান খেলায় তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স।
আগামী মঙ্গলবার শেষ রাউন্ডের খেলায় ফ্রান্স খেলবে ফিনল্যান্ডের বিপক্ষে আর স্পেন খেলবে জর্জিয়ার সঙ্গে। সরাসরি বিশ্বকাপে স্থান পাওয়ার দৌড়ে থাকা দুটি দলই খেলবে নিজেদের মাঠে।
তবে সরাসরি ব্রাজিল যাত্রা নিশ্চিত করতে শেষ রাউন্ডে ফরাসিদের শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে স্পেনের পরাজয়ের।
