মন্টেনেগ্রোকে হারিয়ে বিশ্ব কাপের কাছাকাছি ইংল্যান্ড
মন্টেনেগ্রোকে ৪-১ গোলে হারিয়ে ব্রাজিলে ২০১৪ সালের ফুটবল বিশ্ব কাপের ওঠার পথ সুগম করেছে ইংল্যান্ড।
শুক্রবার ওয়েমব্লিতে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ইংল্যান্ডকে এগিয়ে নেন স্ট্রাইকার ওয়েইন রুনি।
ম্যাচের ৬২ মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান আরো বাড়ে। ৭১ মিনিটে একটি গোল পরিশোধ করে মন্টেনেগ্রো। কিন্তু অভিষিক্ত মিডফিল্ডার অ্যান্ড্রস টাউনসেন্ডের গোলে আবার দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে ইংল্যান্ডের চতুর্থ গোলটি করেন ড্যানিয়েল স্টুরিজ।
১৯ পয়েন্ট নিয়ে 'এইচ' গ্রুপে সবার উপরে আছে ইংল্যান্ড।
শেষ ম্যাচে নিজেদের মাটিতে পোল্যান্ডকে হারালে সরাসরি বিশ্ব কাপে চলে যাবে ইংলিশরা। ওই ম্যাচে ড্র করলে চলবে না, কারণ মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকা ইউক্রেন শেষ ম্যাচে খেলবে দুর্বল স্যান মারিনোর বিপক্ষে।
শুক্রবার ১-০ গোলে পোল্যান্ডকে হারিয়ে সরাসরি বিশ্ব কাপে যাওয়ার সম্ভাবনা বাচিয়ে রেখেছে ইউক্রেন।
আর সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেলেও কাগজে কলমে প্লে-অফের সম্ভাবনা এখনও আছে মন্টেনেগ্রোর। তাদের পয়েন্ট ১৫।
শুক্রবার গ্রুপের অপর অপর ম্যাচে মলদোভা ৩-০ গোলে হারিয়েছে সান ম্যারিনোকে।
