বিশ্বকাপে জার্মানি, সুইজারল্যান্ড ও বেলজিয়াম
আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে জার্মানি। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব থেকে ব্রাজিল যাত্রা নিশ্চিত করেছে বেলজিয়াম ও সুইজারল্যান্ডও।
‘সি’ গ্রুপের ম্যাচে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে জিতে লক্ষ্যে পৌঁছে মুলার-ওজিলরা।
সহজ জয়ে স্বাগতিকদের পক্ষে গোল করেছেন মিডফিল্ডার সামি খেদিরা, স্ট্রাইকার আন্দ্রে শুরলে ও মিডফিল্ডার মেসুত ওজিল।
এই গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে প্লে অফ খেলা নিশ্চিত করেছে সুইডেন।
এক রাউন্ড বাকি থাকতে জার্মানির পয়েন্ট ২৫। আর সুইডেন ও অস্ট্রিয়ার পয়েন্ট ২০ ও ১৪।
অস্ট্রিয়াসহ ‘সি’ গ্রুপের অন্য কারোর প্লেঅফের সম্ভাবনা আর নেই।
‘এ’ গ্রুপ থেকে বিশ্ব কাপে জায়গা করে নিতে দ্বিতীয় স্থানে থাকা ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে শীর্ষস্থানধারী বেলজিয়াম। স্ট্রাইকার রোমেলু লুকাকুর জোড়া গোলে প্রথমার্ধেই ২-০এ এগিয়ে যায় বেলজিয়ানরা। শেষের দিকে ব্যবধান কমান মিডফিল্ডার নিকো ক্রানিকার।
নয় ম্যাচ শেষে বেলজিয়ামের পয়েন্ট ২৫। আর প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখা ক্রেয়েশিয়ানদের অর্জন ১৭। প্রতিবেশী সার্বিয়াসহ এই গ্রুপ থেকে আর কোনো দেশের সে সম্ভাবনা শেষ।
গ্রুপের অপর ম্যাচে ওয়েলস ১-০ গোলে হারিয়েছে মেসিডোনিয়াকে। তবে এই ম্যাচেও যথারীতি খেলেননি বর্তমানের সবচেয়ে দামি খেলোয়াড় গ্যারেথ বেল।
আলবেনিয়াকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। সুইসদের গোলদাতা হলেন মিডফিল্ডার জের্দান শাকিরি ও ডিফেন্ডার মাইকেল ল্যাঙ। স্বাগতিকদের পক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন হামদি সালিহি।
প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ‘ই’ গ্রুপের অন্য দুই ম্যাচে আইসল্যান্ড ২-০ গোলে সাইপ্রাসকে ও স্লোভেনিয়া ৩-০ গোলে নরওয়েকে হারিয়েছে।
সবার উপরে থাকা সুইসদের পয়েন্ট ২১। আর ১৬ ও ১৫ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আছে আইসল্যান্ড ও স্লোভেনিয়া।
গ্রুপ ‘জি’
পয়েন্টের হিসেবে গ্রুপের সেরা দুই দল বসনিয়া ও গ্রিস কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। এদিনও জিতেছে তারা। বসনিয়া ৪-১ গোলে লিশটেনস্টাইনকে আর গ্রিস ১-০ গোলে স্লোভাকিয়াকে হারিয়েছে।
বিজয়ী দুই দলেরই পয়েন্ট সমান ২২। কিন্তু গোল পার্থক্যের হিসেবে অনেক এগিয়ে বসনিয়া। তাই শেষ রাউন্ডেও যদি দুই দল জয় পায়, তবে বসনিয়া পাবে বিশ্বকাপের টিকিট, গ্রিসকে খেলতে হবে প্লে অফ।
অপর ম্যাচে লিথুয়ানিয়া ২-০ গোলে হারিয়েছে লাটভিয়াকে। এই গ্রুপ থেকে বসনিয়া আর গ্রিস ছাড়া আর কারোরই বিশ্ব কাপে যাওয়ার সম্ভাবনা নেই।
গ্রুপ ‘বি’
‘বি’ গ্রুপে ডেনমার্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ইতালি। তবে ইতালির হোঁচটে প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে ডেনিশদের। এদিন হেরেছে দ্বিতীয় স্থানে থাকা বুলগেরিয়াও। আর্মেনিয়ার কাছে ২-১ গোলে হেরেছে তারা।
শীর্ষস্থান নিশ্চিত হওয়া ইতালির পয়েন্ট ২১। সমান ১৩ পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে বুলগেরিয়া ও ডেনমার্ক।
