২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে ফিফার সঙ্গে বিক্ষোভের মুখে রোনালদোও

ব্রাজিলে স্টেডিয়াম পরিদর্শনে যাওয়া ফিফার কর্মকর্তাদের সামনে বিক্ষোভ করেছে কয়েক ডজন প্রতিবাদকারী। দুয়ো ধ্বনি শুনতে হয়েছে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের দুই খেলোয়াড় রোনালদো ও বেবেতোকেও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 12:47 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

মঙ্গলবার ফিফার পরিদর্শকরা কুইয়াবায় ফুটবল বিশ্বকাপের জন্য নির্মাণাধীন একটি স্টেডিয়াম পরিদর্শন করতে গেলে বিক্ষোভকারীদের একটি দল স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানায়। বিক্ষোভরত শিক্ষক ও ডাককর্মীদের হাতে ছিল 'ফিফা বাড়ি ফিরে যাও' লেখা ব্যানার।

কয়েকজন বিক্ষোভকারী ফিফার মহা পরিচালক জেরোম ভালকের একটি সংবাদ সম্মেলনেও ঢুকে পড়ার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের হটিয়ে দেয়।

ব্রাজিলের ১২ ভেন্যুতে ২০১৪ সালের বিশ্বকাপের ম্যাচগুলো হবে। এদের মধ্যে পোর্তো আলেগ্রি ও কুইয়াবায় স্টেডিয়ামের কাজ পরিদর্শন করতে এসেছেন ভালকে।

কিন্তু ভালকে, স্থানীয় মেয়র, রাজ্য গভর্নর এবং সঙ্গে থাকা বিশ্বকাপজয়ী দলের দুই খেলোয়াড় রোনালদো ও বেবেতোও বিক্ষোভকারীদের দুয়ো ধ্বনির মুখে পড়েন।

চার মাস আগে ব্রাজিলে কনফেডারেশনন্স কাপ চলার সময় কয়েকটি শহরে লাখ লাখ মানুষ সরকারি সেবার মান বাড়ানো ও অবকাঠামো উন্নয়নের খরচ বাড়ানোর দাবিতে রাস্তায় নেমে আসে। ফিফার জন্য এই আন্দোলন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।