ইন্টারকে ডোবালো রোমা
ইতালির সর্বোচ্চ লিগ সেরি-আতে জিতেই চলেছে এএস রোমা। ফ্রান্সেসকো টট্টির দারুণ নৈপুণ্যে ইন্টার মিলানকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে লিগের শুরু থেকেই চমক জাগানো রোমা।
শনিবার ইন্টারের মাঠ সান সিরোয় স্বাগতিকদের হতাশায় ডোবাতে বর্ষীয়ান ফরোয়ার্ড টট্টি করেন জোড়া গোল। অপর গোলটি করেন মিডফিল্ডার আলেস্সান্দ্রো ফ্লোরেন্তসি। এবারের লিগে রোমার এটি টানা সপ্তম জয়।
১৯ মিনিটে এগিয়ে যায় অতিথিরা। আইভরি কোস্টের ফরোয়ার্ড জার্ভিনিয়োর কাছ থেকে পাস পেয়ে ২০ গজ দুর থেকে নিঁচু শটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক টট্টি।
টট্টির সুবাদে রোমা ব্যবধান বাড়ায় ৪০ মিনিটে। পেনাল্টি থেকে গোলটি করেন ৩৭ বছর বয়সী এই তারকা। ডি বক্সের মধ্যে বল পায়ে ঢুকে পড়া জার্ভিনিয়োকে ডিফেন্ডার আলভারো পেরেইরা ফাউল করলে পেনাল্টি পায় তারা।
২-০ গোলে পিছিয়ে পড়ার পরও স্বাগতিকদের যতটুকু আশা বেঁচে ছিল তা শেষ হয়ে বিরতির মিনিট খানেক আগে। নেদারল্যান্ডসের মিডফিল্ডার কেভিন স্ট্রুটমানের পাস থেকে গোলটি করেন ২২ বছর বয়সী ফ্লোরেন্তসি।
৩-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণও চালিয়ে যায় রোমা। কিন্তু ৭৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডিফেন্ডার ফেদেরিকো বালজারেত্তি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা।
সে সুযোগে স্বাগতিকরা নাটকীয় কিছু করে দেখাতে পারেনি।
সাত ম্যাচ শেষে শতভাগ সাফল্যে ২১ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখলো রোমা। শুধু পয়েন্টের হিসেবেই নয়, আসরের শুরু থেকে রোমা কতটা অদম্য গতিতে এগিয়ে চলেছে তার প্রমাণ মেলে গোলপার্থক্যের হিসেবেও। রাজধানীর এই দলটি সাত ম্যাচে করেছে ২০ গোল, হজম করেছে মাত্র একটি।
দিনের অন্য ম্যাচে আতালান্তা ১-০ গোলে শিয়েভোকে হারিয়েছে।
