২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নের হোঁচট, বরুসিয়ার প্রথম হার

জার্মানির বুন্দেসলিগার দুই শিরোপা-প্রত্যাশী বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের শনিবারের রাতটা ভালো কাটেনি। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে বেয়ার লেভারকুসেনের মাঠ থেকে। আর রানার্স-আপ বরুসিয়া অপরাজিত থাকার গৌরব ধূলোয় মিশিয়ে বরুসিয়া মনশেনগ্লাডবাখের মাঠে ২-০ গোলে হেরে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 09:54 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

লেভারকুসেনে দুটো গোলের জন্ম মাত্র এক মিনিটের ব্যবধানে! ৩০ মিনিটের সময় টনি ক্রুসের গোলে এগিয়ে যায় বায়ার্ন। পরের মিনিটেই স্বাগতিকদের সমতায় ফেরান সিডনি স্যাম।

বাকি সময়ে দুই দল অনেক চেষ্টা করলেও আর গোল হয়নি। তাই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

মনশেনগ্লাডবাখের বিপক্ষে অনেকগুলো সুযোগ পেলেও কোনোটাই কাজে লাগাতে পারেনি বরুসিয়া। এর মাশুল দিতে হয়েছে শেষ দিকে।

৮০ মিনিটে ভেনেজুয়েলার মিডফিল্ডার ফার্নান্দো আরাঙ্গোকে ফাউল করে শুধু লাল কার্ডই দেখেননি বরুসিয়ার ডিফেন্ডার ম্যাটস হামেলস, পেনাল্টিও দিয়েছেন মনশেনগ্লাডবাখকে। তা থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন স্ট্রাইকার ম্যাক্স ক্রুজা।

৮৬ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েলের গোলে হার নিশ্চিত হয়ে যায় বরুসিয়ার।

ড্র করলেও ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বায়ার্ন। সমান ম্যাচ খেলে বরুসিয়া ও লেভারকুসেনের সংগ্রহ ১৯ পয়েন্ট করে, তবে গোল গড়ে এগিয়ে থাকায় বরুসিয়ার অবস্থান দ্বিতীয়।

বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে শালকে ৪-১ গোলে অগসবুর্গকে ও আইনট্রাখট ব্রাউনশোয়াইগ ২-০ গোলে ভলফসবুর্গকে হারিয়েছে এবং স্টুটগার্ট-ভার্ডার ব্রেমেন ১-১ ও হফেনহাইম-মেইঞ্জ ২-২ গোলে ড্র করেছে।