ভক্তের জন্য রোনালদোর আকুতি
যুক্তরাষ্ট্রে এক প্রীতি ম্যাচের সময় মাঠে ঢুকে পড়া এক ভক্তের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে মিয়ামি কর্তৃপক্ষের কাছে আপিল করছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে ঢুকে পর্তুগিজ এই তারকাকে জড়িয়ে ধরার জন্য অতি উৎসাহী ওই ভক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
সম্প্রতি মিয়ামিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে রিয়াল মাদ্রিদ-চেলসি ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। ওই মুহূর্তে অবশ্য শান্তই ছিলেন রোনালদো। নিরাপত্তাকর্মীদের তখনই তিনি আহ্বান জানিয়েছিলেন ভক্তটির প্রতি সদয় আচরণের জন্য। কিন্তু মিয়ামি পুলিশ কানাডার শিক্ষার্থী রোনাল্ড জোকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে। এমনকি তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারও করা হতে পারে।
রোনাল্ডের উকিলের কাছে রোনালদোর উকিল এ চিঠিটি পাঠিয়েছেন। রোনাল্ড অনেক দিন ধরেই রোনালদোর বড় ভক্ত। ওই ম্যাচে দুই গোল করা রোনালদোকে জড়িয়ে ধরার সময় তার গায়ে রোনালদোর নম্বর লেখা জার্সিও ছিল।
