২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দাবায় রাকিবই শীর্ষে

জাতীয় দাবা প্রতিযোগিতার শীর্ষস্থান ধরে রেখেছেন দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব। একাদশ রাউন্ড শেষে তার সংগ্রহ সাড়ে ৯ পয়েন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 09:04 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মিডিয়া সেন্টারে রাকিব একসেস গ্রুপের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে হারিয়েছেন।

মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান এবং বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর সাড়ে আট পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন।

জিয়া গোল্ডেন চেস ক্লাবের শফিক আহমেদকে হারিয়েছেন এবং সাগর দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবের সঙ্গে ড্র করেছেন। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন রাজীব।

তিতাস ক্লাবের জামালউদ্দিনকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে মোহামেডানের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের অবস্থান চতুর্থ।