২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার গার্দিওলার কাছে পেল্লেগ্রিনির ‘হার’

জার্মানি পুনরেকত্রীকরণ দিবস ৩ অক্টোবর– পশ্চিম ও পূর্ব ‘জোড়া’ লেগে একতাবদ্ধ জার্মানির জন্ম। ২৩ বছর আগের দিনটির স্মরণে সাধারণ ছুটি উপভোগ করেন জার্মানবাসী। এবার সেই ছুটির আগের দিন তাদের আরেকটি দুর্দান্ত উপহার দিল বায়ার্ন মিউনিখ, চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মাঠে ৩-১ গোলের জয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 03:19 AM

Updated : 13 Oct 2022, 02:59 PM

বায়ার্নের কোচ পেপ গার্দিওলা এবং ম্যান সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনির মুখোমুখি লড়াইয়ের ‘ইতিহাস’ বেশ সমৃদ্ধ। তবে একটা ঘটনা কখনো হয়নি – পেল্লেগ্রিনির দল কখনো হারাতে পারেনি গার্দিওলার দলকে। এবারো গার্দিওলার মুখেই বিজয়ীর হাসি।

ম্যান সিটির ইতিহাদ স্টেডিয়ামে প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের। সপ্তম মিনিটে ইউরোপের বর্ষসেরা ফুটবলার ফ্র্যাঙ্ক রিবেরির বুলেট গতির শট ম্যান সিটির গোলরক্ষক জো হার্টের হাতে লেগে জালে ঢুকে যায়।

প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে থাকলেও আর গোলের দেখা পায়নি বায়ার্ন। অন্যদিকে বিরতির আগে প্রতিপক্ষের দুর্ভেদ্য ডিফেন্সে বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি আগুয়েরো-নাসরিদের নিয়ে গড়া ম্যান সিটির আক্রমণভাগ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য স্বাগতিকদের ভিন্ন চেহারা। গোল শোধ করতে মরিয়া ম্যান সিটি প্রথম পাঁচ মিনিটের মধ্যে দুটো কর্নার আদায় করে নিলেও সমতা ফেরাতে পারেনি।

Image
গোল করে বায়ার্নকে এগিয়ে নেন ফ্র্যাঙ্ক রিবেরি।

গোল করে বায়ার্নকে এগিয়ে নেন ফ্র্যাঙ্ক রিবেরি।

Image
গোলের পর বায়ার্ন ফুটবলারদের উদযাপন।

গোলের পর বায়ার্ন ফুটবলারদের উদযাপন।

উল্টো ৫৬ মিনিটে ২-০ করে ফেলেন টমাস মুলার। দান্তের লং বল ধরে, শেষ ডিফেন্ডার গেল ক্লিশিকে পেছনে ফেলে হার্টকে সহজেই কাটিয়ে গোল করেন তিনি। অফসাইডের আশায় ক্লিশি সহকারী রেফারির দিকে তাকিয়ে থাকলেও তাতে কোনো লাভ হয়নি।

তিন মিনিট পরই পাল্টা আক্রমণ থেকে আরিয়েন রবেনের লক্ষ্যভেদে ৩-০ গোলে এগিয়ে যায় গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে তিনটি শিরোপা জয়ী বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগে এ নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন রবেন। বায়ার্নের আর কোনো খেলোয়াড়ের এমন কৃতিত্ব নেই।

Image
বায়ার্ন মিউনিখের আরেকটি গোল। হতাশায় ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। ছবি: রয়টার্স

বায়ার্ন মিউনিখের আরেকটি গোল। হতাশায় ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। ছবি: রয়টার্স

৩-০ গোলে পিছিয়ে পড়লেও ম্যান সিটি হাল ছেড়ে দেয়নি। ৭৯ মিনিটে আলভেরো নেগ্রেদোর বক্সের ঠিক ভেতর থেকে নেয়া বাঁ পায়ের বাঁক খাওয়ানো শট বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ার অনেক চেষ্টা করেও ঠেকাতে পারেননি (৩-১)।

স্বাগতিক দলের দুর্ভাগ্য, একটুর জন্য আরেকটি গোলের দেখা পায়নি। ৮৬ মিনিটে গোল করতে উদ্যত ইয়াইয়া তোরেকে পেছন থেকে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন বায়ার্নের জেরম বোয়াটেং।

বক্সের ঠিক বাইরে থেকে নেয়া ডাভিদ সিলভার দারুণ ফ্রি-কিক নয়ারকে বোকা বানালেও ফিরে আসে ক্রসবারে লেগে।

বুধবার রাতে ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রের ভিক্তোরিয়া প্লাজেনকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিক রাশিয়ার সিএসকেএ মস্কো।