দারুণ জয়ে ঘুরে দাঁড়ালো চেলসি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয়ে প্রথম ম্যাচে পরাজয়ের হতাশা কাটিয়েছে চেলসি। মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে রোমানিয়ার স্টুয়া বুকুরেশ্টকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডের দলটি।
প্রথম রাউন্ডে সুইজারল্যান্ডের দল বাসেলের কাছে ২-১ গোলে হেরেছিল চেলসি।
কোচ জোসে মরিনিয়োর মুখে হাসি ফোটানো এই সহজ জয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলের মিডফিল্ডার রামিরেস। আর একটি গোল করেছেন মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। অপর গোলটি আত্মঘাতী।
প্রতিপক্ষের মাঠে ২০ মিনিটে চেলসিকে প্রথম এগিয়ে নেন রামিরেস। ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ-দিক থেকে বল নিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে আইভরি কোস্টের মিডফিল্ডার স্যামুয়েল এতোকে পাস দেন আন্দ্রে শুরলে। তবে এতোর প্রচেষ্টা ব্যর্থ হলেও সে সুযোগ কাজে লাগান রামিরেস।
৪৪ মিনিটে এতোর আরেকটি আক্রমণ প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লন্ডনের ক্লাবটি।
ম্যাচে এরকম আনন্দের উপলক্ষ এসেছে চার বার।
জোড়া গোল করেন মিডফিল্ডার রামিরেস।
আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্ট্যামফোর্ড ব্রিজের দলটির পক্ষে চতুর্থ গোলটি করেন ল্যাম্পার্ড। এতোর ক্রস থেকে ব্রাজিল মিডফিল্ডার উইলিয়ান বল বাড়ান ল্যাম্পার্ডকে। আর তা থেকে ২০ গজ দুর থেকে দারুণ এক নিচু শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন অভিজ্ঞ মিডফিল্ডার।
‘ই’ গ্রুপের অপর ম্যাচে বাসেলকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে জার্মানির ক্লাব শালকে।
ম্যাচের ৫৪ মিনিটে শালকের পক্ষে জয়সূচক গোলটি করেন জার্মানির মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলার।
