২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলান-আয়াক্স নাটকীয় ড্র

শেষ মূহুর্তের নাটকীয়তায় ১-১ গোলে ড্র হয়েছে আয়াক্স আমস্টারডাম ও এসি মিলানের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 10:32 AM

Updated : 13 Oct 2022, 02:59 PM

পুরনো খবর:

সেল্টিককে হারিয়ে বার্সার প্রতিশোধ

'এইচ' গ্রুপে সাবেক দুই পরাশক্তির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্রর দিকেই গড়াচ্ছিল। শেষ পর্যন্ত সমতাই থাকলো, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তের দুই গোলে শিহরিত হলো দর্শকরা।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডিফেন্ডার স্টেফানো ডেনসভিলের হেডে জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিক আয়াক্স। কিন্তু অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে নিজেরই আদায় করা পেনাল্টি থেকে সমতা ফেরান মিলানের মেজাজি স্ট্রাইকার মারিও বালোতেল্লি।

আমস্টারডাম অ্যারেনায় পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। সিগতরসনের জোরালো শট কোনোমতে পা দিয়ে ঠেকান মিলান গোলরক্ষক ক্রিস্তিয়ান আব্বিয়াতি।

১৭ মিনিটে ডেনিশ স্ট্রাইকার ভিক্টর ফিশারের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে আবার হতাশায় পুড়তে হয় আগের ম্যাচে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারা আয়াক্সকে। ৩৬ মিনিটে বিপজ্জনক আরেকটি আক্রমণ ঠেকিয়ে আবারও মিলানের ত্রাতা ৩৬ বছর বয়সী গোলরক্ষক আব্বিয়াতি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্র্যাঙ্ক ডি বোরের শিষ্যদের চমকে দিয়েছিল মিলান। স্ট্রাইকার রিক্কার্দো মন্তোলিভোর জোরালো শট ঠেকিয়ে সে যাত্রা দলকে রক্ষা করেন গোলরক্ষক ইয়াসপার সিলেসসেন।

৫৬ মিনিটে উল্টো গোল খেতে বসেছিল আগের ম্যাচে সেল্টিককে ২-০ গোলে হারানো মিলান। আব্বিয়াতির দক্ষতায় আবারো বেঁচে যায় মাস্সিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।

৭ মিনিট পর রবিনিয়োর পাস থেকে বালোতেল্লির জোরালো শট সিলেসসেনের হাত স্পর্শ করে গোলপোস্টে লাগে।

৮৯ মিনিটে মিলানের জালে বল পাঠালেও ডেনিশ মিডফিল্ডার ল্যাসে শুন বল জালে জড়ানোর আগে থামাতে হাত ব্যবহার করায় গোলটি বাতিল হয়ে যায়।

তবে শুনের কর্নার থেকে পরের মিনিটেই হেড থেকে গোল করে দর্শকদের উল্লাসে মাতান ডেনসভিল।

Image
পেনাল্টি থেকে বালোতেল্লির গোল।

পেনাল্টি থেকে বালোতেল্লির গোল।

কিন্তু নাটক তখনও শেষ হয়নি। খেলার অতিরিক্ত সময়ে মাইক ভ্যান ডার হর্ন বালোতেল্লিকে ফাউল করলে পেনাল্টি পায় মিলান। আগের ম্যাচে নাপোলির বিপক্ষে জীবনে প্রথমবারের মতো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া বালোতেল্লি এবার আর কোনো ভুল করেননি। সফল পেনাল্টি থেকে দলকে মহামূল্যবান একটি পয়েন্ট এনে দেন তিনি।

দুই খেলায় চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে এসি মিলান। সমান খেলায় ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেদারল্যান্ডসের আয়াক্স।

টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। মঙ্গলবার 'এইচ' গ্রুপের অন্য খেলায় সেস ফ্যাব্রেগাসের একমাত্র গোলে সেল্টিককে হারিয়ে গত মৌসুমে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।