খেলোয়াড়দেরই দুষলেন রোনালদো
মাদ্রিদ ডার্বিতে আতলেতিকের কাছে হারার পর খেলোয়াড়দেরই কাঠগড়ায় দাঁড় করালেন রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
শনিবার রাতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে একমাত্র গোলে হেরে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের ও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পাঁচ পয়েন্ট পেছনে পড়েছে রিয়াল মাদ্রিদ।
স্পেনের সংবাদপত্র মার্কাকে রোনালদো বলেন, "কোচের এখানে কিছু করার ছিল না, তিনি তার কাজ ভালোমতোই করে যাচ্ছেন। দোষ হলো সব খেলোয়াড়দের, আমাদেরই উন্নতি করতে হবে।"
দলবদলের বাজারে রেকর্ড করে রিয়ালে যোগ দেয়া গ্যারেথ বেল দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও নিষ্প্রভ ছিলেন।
২৮ বছর বয়সী রোনালদো নিজের ব্যর্থতার কথাও উল্লেখ করেন, "আমি খারাপ খেলেছি, তেমনি খারাপ খেলেছে আমার সতীর্থরাও।"
তবে এই হারের পরও মাথা উঁচু রাখতে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
কোচের প্রশংসা করে পর্তুগিজ এই তারকা বলেন, "আমি আনচেলত্তিকে নিয়ে খুশি। তিনি আমার পাওয়া সবচেয়ে ভালো কোচের একজন।"
এই গ্রীষ্মে সান্তিয়াগো বার্নাবেউয়ের দায়িত্ব নেয়ার পর শনিবারের ম্যাচেই প্রথম হারের স্বাদ পেলেন আনচেলত্তি।
মাসের শুরুতেও ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়েছিল রিয়াল।
রিয়াল মাদ্রিদের ফুটবলাররা যখন নিজেদের ব্যর্থতার কারণ খুঁজছে তখন আতলেতিকোর সবাই আছে ফুরফুরে মেজাজে। তবে কোচ দিয়েগো সিমিওনে এই সাফল্যে ভেসে না জেতে শিষ্যদের আহ্বান জানিয়েছেন।
৪৩ বছর বয়সী আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার বলেন, "আমাদের শান্ত থাকতে হবে। মৌসুমটা খুব বড়, আমাদের অতি-আত্মবিশ্বাসী হওয়া চলবে না।"
