২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসসি’র বাজেট ঘোষণা

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 08:30 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার ঘোষিত বাজেটে নতুন অর্থবছরের জন্য ১০৫ কোটি ১৩ লাখ ৬১ হাজার টাকার বাজেট প্রস্তাব করা হয়।

এবারের প্রস্তাবিত বাজেটে আয় হিসেবে সরকারি অনুদান বাবদ ২০ কোটি ৬৩ লাখ, নিজস্ব উৎস হতে ১৭ কোটি ৯০ লাখ ৬ হাজার, রাজস্ব উন্নয়ন কর্মসূচী থেকে ৬০ লাখ এবং সরকার থেকে ৫৮ কোটি ৫০ লাখ টাকা পাওয়া যাবে।

মোট ৯৭ কোটি ৬৩ লাখ ৬ হাজার টাকা আয় হিসেবে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি টাকা কোন্-কোন্ খাত থেকে পাওয়া যাবে তা উল্লেখ করা হয়নি।

প্রস্তাবিত বাজেটে প্রশিক্ষণ ও ক্রীড়া কর্মসূচী বাস্তবায়ন বাবদ মাত্র ৩ কোটি ৩০ লাখ টাকা বাজেট ধরা হয়েছে। অবশ্য গতবারের বাজেটে এ খাতে ২ কোটি ৬৮ লাখ ১৬ হাজার টাকা ছিল।

এছাড়া বেতন-ভাতা বাবদ ১০ কোটি ৬৭ লাখ ৪২ হাজার, সরবরাহ ও সেবা বাবদ ১০ কোটি ৮৯ লাখ ৮৪ হাজার টাকা, সংস্থা ও প্রতিষ্ঠানের মঞ্জুরি বাবদ ১১ কোটি ৪১ হাজার টাকা, মেরামত ও সংরক্ষণ বাবদ ১ কোটি ৭১ লাখ ৮৭ হাজার টাকা, কল্যাণ অনুদান বাবদ ৭৩ লাখ ৬৫ হাজার টাকা, আঞ্চলিক ও আন্তর্জাতিক গেমস বাবদ ৮০ লাখ ৫২ হাজার টাকার বাজেট ধরা হয়েছে।

এর বাইরে উল্লেখযোগ্য হিসেবে সম্পদ সংগ্রহ ও ক্রয় বাবদ ১ কোটি ৬৯ লাখ টাকা, নির্মাণ ও পূর্ত বাবদ ১ কোটি ৬৩ লাখ টাকা এবং স্থানান্তর ও সমন্বয় বাবদ ২ কোটি ২৪ লাখ টাকার বাজেট ধরা হয়।

২০১২-১৩ অর্থবছরের ১৮৫ কোটি ৭৬ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদনও করা হয়েছে রোববার। ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।