২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়েসের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের হতাশা সঙ্গী। প্রথম ছয় ম্যাচের তিনটিতেই হার লিগে দ্বাদশ স্থানে নামিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে ধারাবাহিক ব্যর্থতার মাঝেও ডেভিড ময়েস শান্ত থাকার চেষ্টা করছেন। ম্যান ইউ কোচ দুঃসময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে প্রত্যয়ী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Sep 2013, 08:11 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হেরে যাওয়ার পর বিবিসিকে ময়েস বলেন, “ফুটবলে খারাপ ফলাফল হতেই পারে। আসল কথা হলো আপনি কীভাবে তা কাটিয়ে উঠবেন সেটা।”

গত ২৪ বছরের মধ্যে লিগে এটাই ম্যান ইউ’র সবচেয়ে বাজে সূচনা। ৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট।

প্রিয় দলের এমন বেহাল দশা সমর্থকদের মনে করিয়ে দিচ্ছে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে ম্যান ইউ’র উজ্জ্বল দিনগুলোর কথা। সমালোচকরাও উঠে পড়ে লেগেছে। অনেকের মতে, ফার্গুসনের উত্তরসূরী হওয়ার চাপ হয়তো নিতে পারছেন না ময়েস।

ময়েস অবশ্য এসব কথায় কান দিচ্ছেন না। তিনি বলেন, “আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং পরের ম্যাচের দিকে তাকাতে হবে। এখনো অনেক খেলা বাকি। তবে আমাদের পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।”

ওয়েস্ট ব্রমউইচের কাছে হার প্রসঙ্গে ময়েস বলেন, “ম্যাচের পর থেকেই আমি চিন্তিত। কারণ আমরা একদমই ভালো খেলতে পারিনি। আমরা যেমন আক্রমণ ঠেকাতে পারিনি, তেমনি আক্রমণে উঠতেও ব্যর্থ হয়েছি। প্রথমার্ধে বেশির ভাগ সময় বলের দখল রেখেও আমরা তা কাজে লাগাতে পারিনি।”