প্যানাসনিক ওপেনে সিদ্দিকুর ২৭তম
প্রথম বাংলাদেশি হিসেবে গলফ বিশ্বকাপে খেলার সুখবর পেলেও এশিয়া-প্যাসিফিক প্যানাসনিক ওপেনে তেমন ভালো করতে পারেননি মোহাম্মদ সিদ্দিকুর। জাপানের ওসাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তার অবস্থান ২৭তম।
রোববার শেষ হওয়া চার রাউন্ডের প্রতিযোগিতায় পারের চেয়ে তিন শট বেশি খেলেছেন সিদ্দিকুর।
প্রথম দুই রাউন্ডে অবশ্য বেশ ভালোই খেলেছিলেন তিনি। শেষ রাউন্ডেও প্রথম দুই রাউন্ডের মতো পারের সমান শট খেলেন। কিন্তু তৃতীয় রাউন্ডে তিনটি শট বেশি খেলার ঘাটতি দূর করতে পারেননি।
পারের চেয়ে ৯ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন জাপানের মাশাহিরো কাওয়ামুরা। দ্বিতীয় ও তৃতীয় দক্ষিণ কোরিয়ার দুই প্রতিযোগী পার্ক সুং-জুন ও ওয়াই ই ইয়াং।
