২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেই চলেছে বার্সেলোনা

স্পেনের লা লিগায় জিতেই চলেছে বার্সেলোনা। শনিবার আলমেরিয়াকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড টানা সপ্তম জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 12:40 AM

Updated : 13 Oct 2022, 02:59 PM

দুই অর্ধে গোল দু'টি করেছেন লিওনেল মেসি ও আদ্রিয়ানো কোহেইয়া।

নেইমারকে ছাড়া খেলতে নামা বার্সা ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তবে সেস ফ্যাব্রেগাসের কাছ থেকে বল পেয়ে আলমেরিয়ার গোলরক্ষক এস্তেবান সুয়ারেসকে ফাঁকি দিতে পারেননি আন্দ্রেস ইনিয়েস্তা।

আরো দু'বার গোলের খুব কাছে গিয়েও হতাশ হওয়া বার্সাকে ২১ মিনিটে এগিয়ে দেন মেসি। প্রতিপক্ষের বক্সের ডান কোনায় ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস খুঁজে পান চার বারের বিশ্বসেরা ফুটবলারকে। পেদ্রোর সঙ্গে বল দেয়া-নেয়া করে বক্সের ঠিক বাইরে থেকে নেয়া মেসির তীব্র গতির শট বাম দিকের বারের ভেতরের দিকে লেগে জালে জড়িয়ে যায়।

সাত ম্যাচে আট গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার এই তারকা।

গোল করার আট মিনিট পর উরুর চোট নিয়ে মেসি মাঠ ছাড়লে খেলার চেহারা পাল্টে যায়। শুরু থেকে কোণঠাসা থাকলেও মেসির অনুপস্থিতিতে পাল্টা আক্রমণ করতে শুরু করে এক মৌসুম পর স্পেনের শীর্ষ লিগে ফেরা আলমেরিয়া।

বিরতি পর্যন্ত বল বার্সার অর্ধেই ছিল বেশির ভাগ সময়। এ সময় আলমেরিয়া অন্তত তিনটি সুযোগ তৈরি করলেও বার্সার গোলরক্ষক ভিক্তর ভালদেসের ‘প্রতিরোধ’ ভাঙ্গতে পারেনি।

Image
বার্সেলোনার দ্বিতীয় গোলের আনন্দ

বার্সেলোনার দ্বিতীয় গোলের আনন্দ

দ্বিতীয়ার্ধেই অবশ্য স্বরূপে ফেরে বার্সা। শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি ৫৬ মিনিটে জয় নিশ্চিত করে ফেলে তারা। ফ্যাব্রেগাসের পাস থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের ডিফেন্ডার আদ্রিয়ানো।

শেষ মুহূর্তে ব্যবধান ৩-০ করার সুবর্ণ সুযোগ নষ্ট করে বার্সা। ক্রিস্তিয়ান তেয়ো গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারলে দুই গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

তবে আরো গোল না হলেও সন্তুষ্ট থাকতে পারেন কোচ জেরার্দো মার্তিনো। ইতিহাসে এই প্রথমবারের মতো মৌসুম শুরুর পর টানা সাতটি ম্যাচে জয় পেল বার্সেলোনা।