২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্ন ও বরুসিয়ার দুই ধরনের জয়

জার্মানির বুন্দেসলিগায় গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ কষ্টের জয় পেলেও রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ড বিশাল ব্যবধানে জিতেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 10:07 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

শনিবার বায়ার্ন ১-০ গোলে ভলফসবুর্গকে এবং বরুসিয়া ৫-০ গোলে ফ্রেইবুর্গকে হারিয়েছে।

৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বরুসিয়া। সমান ম্যাচে বায়ার্নেরও ১৯ পয়েন্ট, তবে গোল গড়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে জার্মানির সফলতম ক্লাবটি।

Image
বায়ার্নের জয়সূচক গোলদাতা টমাস মুলার।

বায়ার্নের জয়সূচক গোলদাতা টমাস মুলার।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের জয়ের নায়ক ফরোয়ার্ড টমাস মুলার। ৬৩ মিনিটে ফরাসি ফরোয়ার্ড ফ্রাঙ্ক রিবেরির পাস থেকে তার করা গোল মূল্যবান তিন পয়েন্ট এনে দেয় গত মৌসুমে তিনটি শিরোপা জয়ী বায়ার্নকে।

আরেক স্বাগতিক বরুসিয়ার বড় জয়ে জোড়া গোল করে সমান অবদান মিডফিল্ডার মার্কো রয়েস ও পোল্যান্ডের স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কির।

৩৫ মিনিটে রয়েসের গোলে এগিয়ে যায় বরুসিয়া। লেভানদোভস্কির শট অলিভার বাউম্যান ঠেকিয়ে দিলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি ফ্রেইবুর্গের গোলরক্ষক। সেই সুযোগে লক্ষ্যভেদ করেন রয়েস।

বিরতির ঠিক আগে রয়েসেরই পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। প্রতিপক্ষকে শুধু পেনাল্টিই দেননি, লেভানদোভস্কিকে ফাউল করে সরাসরি লাল কার্ড পান সেনেগালের ডিফেন্ডার ফালাউ দিয়াজনি।

Image
গোলের পর সতীর্থের সঙ্গে রবের্ত লেভানদোভস্কির উদযাপন।

গোলের পর সতীর্থের সঙ্গে রবের্ত লেভানদোভস্কির উদযাপন।

১০ জনের দলে পরিণত হওয়া অতিথিরা বরুসিয়ার সামনে দাঁড়াতেই পারেনি। ৫৮ ও ৭০ মিনিটে লেভানদোভস্কির দুই গোলে স্কোরলাইন হয়ে যায় ৪-০। ৭১ মিনিটে শেষ গোলটি করেন লেভানদোভস্কির স্বদেশের মিডফিল্ডার ইয়াকুব বুয়াশটুকোভস্কি।

অন্যান্য ম্যাচে বেয়ার লেভারকুসেন ২-০ গোলে হ্যানোভারকে ও হার্থা বার্লিন ৩-১ গোলে মেইঞ্জকে হারিয়েছে। হফেনহাইম ও শালকে ৩-৩ গোলে ড্র করেছে।