চেলসি-টটেনহ্যাম লড়াই অমীমাংসিত
লন্ডন ‘ডার্বি’তে কেউ জিততে পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক টটেনহ্যাম হটস্পার।
শনিবার হোয়াইর্ট হার্ট লেনে ১৯ মিনিটে একটি পরিকল্পিত আক্রমণ থেকে এগিয়ে যায় টটেনহ্যাম।
বাঁ দিক থেকে ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের বাধা এড়িয়ে পাস দেন ডি-বক্সের ভেতরে থাকা স্প্যানিশ স্ট্রাইকার রবের্তো সলদাদোকে। সলদাদোর পাস ধরে চেলসির গোলরক্ষক পিয়েতর চেককে কাটিয়ে লক্ষ্যভেদ করেন আইসল্যান্ডের মিডফিল্ডার গিলফি সিউর্ডসন।
পিছিয়ে পড়ার পর কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি চেলসি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। ডান দিক থেকে আসা স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তরেসের পাসে তিনি পা ছোঁয়াতে পারেননি।
৫৭ মিনিটে আবার হতাশায় পুড়তে হয় ‘ব্লুজ’ নামে পরিচিত চেলসিকে। তরেসের ফ্লিক থেকে স্পেনের আরেক স্ট্রাইকার হুয়ান মাতা গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি।
অবশেষে ৬৫ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় জোসে মরিনিয়োর দল। মাতার ক্রস থেকে হেড করে বল জালে জড়ান ইংল্যান্ডের ডিফেন্ডার জন টেরি। এ মৌসুমে এটাই তার প্রথম গোল।
৮০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে তরেস মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় চেলসি।
৮৬ মিনিটে সহজ সুযোগ পেয়েছিলেন ইংলিশ ফরোয়ার্ড জারমেইন ডিফো। কিন্তু ডি-বক্সের ভেতর থেকে নেয়া তার দুর্বল শট চেক সহজেই রুখে দিলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় টটেনহ্যামকে।
ছয়টি করে ম্যাচ খেলে টটেনহ্যামের ১৩ এবং চেলসির ১১ পয়েন্ট।
